যানজটে নাকাল নওগাঁ শহরবাসী

নওগাঁ-সান্তাহার-বগুড়া মহাসড়কে তীব্র যানজটে নাকাল নওগাঁ শহরের বাসিন্দারা। ঢাকা ও দূরপাল্লাগামী বাসের জন্য স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় এ সমস্যা হচ্ছে বলে মনে করছেন নওগাঁ পৌরবাসী।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশেই ঢাকা, বগুড়া ও দূরপাল্লাগামী বাসের স্ট্যান্ড। বাসস্ট্যান্ডের পাশেই নওগাঁ জেলা স্টেডিয়াম। রাস্তার দুপাশে বিভিন্ন বাসের কাউন্টার। স্ট্যান্ডের পশ্চিম পাশের পার-নওগাঁ ট্রাফিক বক্সের সামনে থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় পর্যন্ত সারিবদ্ধভাবে রাখা হয়েছে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামগামী বিভিন্ন পরিবহনের বাস। আবার ফিরতি বিভিন্ন বাস ও মিনিবাস থেকে রাস্তার ওপরই যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। এ ছাড়া পাউবো কার্যালয় থেকে তুলসীগঙ্গা সেতু এবং তুলসীগঙ্গা সেতু থেকে রাজাকপুর ট্রাক টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে রাখা হয়েছে অসংখ্য বড় ট্রাক। অন্যদিকে শহরের লিটন ব্রিজের (পার-নওগাঁ সেতু) পূর্ব দিকের রাস্তার উত্তর পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাগুলো রাস্তার ওপর রাখা আছে। স্থায়ী স্ট্যান্ডের মতো দাঁড় করিয়ে রেখে সেসব অটোরিকশা থেকে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল ইসলামকে মোটরসাইকেলে প্রতিদিন সান্তাহার থেকে নওগাঁ শহরে কর্মস্থলে আসতে হয়। গতকাল রোববার সকালে তিনি বলেন, ‘তুলসীগঙ্গা সেতু থেকে পার-নওগাঁ টেম্পোস্ট্যান্ড আসতে প্রায় একঘণ্টা লাগল।’ পরে বেলা সাড়ে ১০টার দিকে ঢাকাগামী বাসের স্ট্যান্ডে যাত্রী শরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টায় তাঁদের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। অথচ সাড়ে ১০টার দিকেও যানজটের কারণে গাড়িই বের হতে পারছে না।
পার-নওগাঁ সেতুর কাছে অস্থায়ী অটোরিকশাস্ট্যান্ডে অটোরিকশাচালক ইকরামুল বলেন, ‘মেয়র সাহেবের কাছে আমাদের দাবি ছিল সিএনজি-অটোরিকশার জন্য আলাদা টার্মিনাল করার। কিন্তু এখনো জায়গা না দেওয়ায় আমাদের বাধ্য হয়ে এখানে দাঁড়াতে হচ্ছে।’
ডিপজল পরিবহনের নওগাঁ কাউন্টারের ব্যবস্থাপক আাকিনুর রহমান জানান, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড শহর থেকে দূরে হওয়ায় ওইখানে যাত্রী পাওয়া যায় না। বাধ্য হয়ে তাঁদের স্টেডিয়ামের পাশে ঢাকা বাসস্ট্যান্ডে কাউন্টার খুলতে হয়েছে। তিনি বলেন, ‘ঢাকা বাসস্ট্যান্ডের জায়গা আরও বড় করলে এই সমস্যার সমাধান হতে পারে।’
এ ব্যাপারে নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি উমর ফারুক বলেন, ‘আমরাও ওই স্থান থেকে অন্যত্র যেতে চাই। তবে উপযুক্ত জায়গা তো পেতে হবে। আগে এই বাসস্ট্যান্ডটি সরিয়ে বালুডাঙ্গায় নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ওই সময় বাসমালিক ও শ্রমিকনেতারা সেখানে যেতে চাননি। তবে এখন উদ্যোগ নিলে আমরা বালুডাঙ্গা বাসস্ট্যান্ড বা অন্য কোনো উপযুক্ত জায়গায় যেতে রাজি আছি। এতে আমরাও বাঁচি, যাত্রীরাও বাঁচেন।’
এ প্রসঙ্গে নওগাঁর পৌর মেয়র নজমুল হক সনি জানান, অটোরিকশা ও ঢাকাগামী বাসের জন্য আলাদা দুটি স্ট্যান্ড করার দাবি জেলা সমন্বয় কমিটির সভায় দু-তিনবার জানানো হয়েছে। তবে এটা বাস্তবায়নে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ‘ঢাকাগামী বাসের স্ট্যান্ডসংলগ্ন দিঘীটি ভরাট করার প্রস্তাব ছিল আমার। এতে বাসস্ট্যান্ডের জায়গা বড় হবে। তাহলে বাসগুলোকে আর রাস্তায় মানুষ ওঠানামা করতে হতো না। আর অটোরিকশার জন্য জেলা ফায়ার সার্ভিসসংলগ্ন মাঠে আরেকটি স্ট্যান্ড করলে কোনো সমস্যা হতো না।’
নওগাঁর ট্রাফিক সার্জেন্ট গোলাম সারোয়ার বলেন, ‘প্রতিদিন ওই রাস্তায় পর্যাপ্তসংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। কিন্তু তারপরও এই যানজট সমস্যা দূর হচ্ছে না। বড় বাসগুলো রাস্তার ওপর ঘোরানোর সময় বেশি সমস্যা হয়। এর আগে ঢাকাগামী বাসের স্ট্যান্ড সরিয়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পরিবহন ব্যবসায়ীদের আপত্তির মুখে তা সম্ভব হয়নি। এখান থেকে বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে না নিলে এই সমস্যা চলতেই থাকবে।’