যানজটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ছোট-বড় প্রায় সব কটি সড়ক ও রাস্তায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা করতে বিপণিবিতানে বিপুলসংখ্যক ক্রেতা ভিড় করছেন। এতে যানজট তীব্র রূপ নিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট, লামাবাজার, আম্বরখানা, নয়াসড়ক, নাইওরপুল, কুমারপাড়া, বারুতখানা, জেল রোড, তালতলা এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ছেন নগরবাসী। এসব এলাকায় বিপণিবিতান থাকায় ক্রেতাদের সমাগম বেশি।
ভুক্তভোগীরা জানান, নগরের প্রধান সড়কগুলোর যানজটের প্রভাব পড়ছে পাড়া-মহল্লার রাস্তাগুলোতেও। এক এলাকার প্রধান সড়কে যানজট দেখা দিলে পাশের পাড়া-মহল্লার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে পড়ছে।
মহানগর পুলিশের ট্রাফিক শাখা থেকে জানা গেছে, নগরের সড়ক ও রাস্তাগুলো অপ্রশস্ত হওয়ায় এক স্থানে যানজট দেখা দিলে নগরজুড়েই এর প্রভাব পড়ছে। এর বাইরে অধিকাংশ বিপণিবিতানে নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা এবং ওয়ানওয়ে সড়কগুলোতে মোটরসাইকেলের অবাধে চলাফেরাকেও যানজটের অন্যতম কারণ বলে ট্রাফিক পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. রেজাউল করিম বলেন, ঈদ ও পূজাকে উপলক্ষ করে মানুষের ভিড় বেড়ে গেছে। পূজা শুরু হয়েছে, তাই গতকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, সেটা ঈদের আগের দিন পর্যন্ত বহাল থাকবে।