যানজটে নাকাল নগরবাসী
গতকাল রোববার। সকাল পৌনে নয়টা। আকাশ মেঘে ঢাকা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বাড়তে বাড়তে হঠাৎ মুষলধারে। আবহাওয়া অধিদপ্তর আগারগাঁওয়ে বৃষ্টি পরিমাপ করল মাত্র ১৪ মিলিমিটার। তাতেই মতিঝিল, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ঢাকার অনেক এলাকার রাস্তাঘাট তখন পানিতে থই থই। এর সঙ্গে জুড়ে গেল যানজট।
সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই এই জলাবদ্ধতা ও যানজট অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য প্রচণ্ড দুর্ভোগ বয়ে নিয়ে এল। বেলা সাড়ে ১১টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটিতে আগুন লাগার পর ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। যানজট ছড়িয়ে পড়ে মধ্য ঢাকার প্রায় সর্বত্র।
দুপুর ১২টার দিকে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অল্প সময়ে বেশি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমেছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতেও পানি। পানি নিষ্কাশনের জন্য তাঁদের কর্মীদের রাস্তায় নামানো হয়েছে। বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনাও খুলে দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় পাম্প কাজ করছে।
দুপুর ১২টায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে ফোন করা হলে তিনি বলেন, ‘অফিস থেকে এক্ষুনি গুলিস্তানের দিকে রওনা দেব। সেখানে জলাবদ্ধতা হয়েছে। এখন কথা বলা যাবে না।’
২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছিল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। প্রধানমন্ত্রী আসবেন, এ জন্য এলাকার রাজপথ ঢেকে যায় নিরাপত্তার চাদরে। যানজট আরও প্রসারিত হয়, জনদুর্ভোগও বাড়ে।