যানজটে নাকাল নগরবাসী
মৎস্য ভবন থেকে কারওয়ান বাজারের দূরত্ব ২ দশমিক ৯ কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগে বড়জোর ৪৫ মিনিট। গাড়িতে ১০ মিনিটের কম। কিন্তু গতকাল সন্ধ্যায় এই পথ আসতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। একই অবস্থা বনানী থেকে কারওয়ান বাজারের দিকেও। গতকাল এক গাড়িচালকের সেই পথ অতিক্রম করতে সময় লেগেছিল সাড়ে চার ঘণ্টা। কোথাও আবার এর চেয়ে বেশি সময় লাগার কথাও শোনা গেছে।
শুধু এই দুটি পথই নয়, গতকাল রাজধানীর অধিকাংশ সড়কেরই ছিল একই অবস্থা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসার কারণে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। এর সঙ্গে যুক্ত হয় মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আসা-যাওয়া। তিনে মিলে সৃষ্টি হয় এই ভয়াবহ পরিস্থিতি। পথচলতি বেশির ভাগ মানুষই যানবাহনের ভেতরে বসে বসে দীর্ঘ সময় পার করেছে।
গতকাল ছিল সপ্তাহের শেষ দিন। ঢাকাবাসীর কাছে সপ্তাহের শেষ দিনে যানজট খুব সহনীয় বিষয়। কিন্তু সেই সহনীয় বিষয়টি যেন মাত্রা ছাড়িয়ে যায় গতকাল। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, ভিভিআইপি বিদেশি অতিথিরা গতকাল রাজধানীর বিভিন্ন অংশে যাতায়াত করেছেন। নিরাপত্তার জন্য বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। তাই যানজটের তীব্রতা বেশি ছিল।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে বিভিন্ন স্কুল-কলেজের সামনের সড়কে সকাল থেকেই যানজট শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা বাড়তে থাকে। বেলা দুইটার পর গুলিস্তান, শাহবাগ, পুরানা পল্টন, প্রেসক্লাব, ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেট, শেওড়াপাড়া, বনানী এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
বনানী থেকে কারওয়ান বাজারে আসা এক ব্যক্তি বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি রওনা দিয়েছিলেন। বনানী-মহাখালী সড়কে তীব্র যানজট দেখে তিনি গুলশান ২ নম্বর দিয়ে আসতে থাকেন। তিনি বলেন, বনানী থেকে গুলশান ২ নম্বরে আসতে তাঁর আড়াই ঘণ্টা সময় লেগেছে। পরে হাতিরঝিল হয়ে হেঁটে তিনি কারওয়ান বাজারে এসেছেন। এ সময় হাতিরঝিলের দুপাশে ছিল ভয়াবহ যানজট।
পুরান ঢাকার বাসিন্দা নুরুল আলম বলেন, সকালে চানখাঁরপুল, বকশীবাজার এলাকায় তিনি তীব্র যানজট দেখেছেন। তিনি বলেন, পুরান ঢাকার সড়কগুলো এমনিতে সরু। কোনো সড়কে যানজট লাগলে তা আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে। যানজটের কারণে তিনি অনেক ব্যক্তিকে বাস-রিকশা ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখেছেন।
কাকরাইল হয়ে দোলাইরপাড়ে যাওয়া আরেক ব্যক্তি বলেন, দুপুরে মেয়র হানিফ উড়ালসড়কের ওপরেও যানজট ছিল। বাসে কোনোমতে গুলিস্তান পর্যন্ত এলেও এরপর আর বাস চলছিল না। পরে হেঁটে তিনি দোলাইরপাড়ে গেছেন।
স্বাভাবিক নিয়মে রাজধানীর যানজট বিকেল হলেই কমে যায়। কিন্তু গতকাল যানজট ছিল গভীর রাত পর্যন্ত। রাত সাড়ে ১০টার দিকে মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত পুরো রাস্তা ছিল যানবাহনে ঠাসা। এই পথে কোনো গাড়িই নড়তে পারছিল না। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ কর্মকর্তারা নিজেদের নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত, যানবাহনের দিকে তাঁদের নজর নেই।