বগুড়া শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত জ্বলেশ্বরীতলার সরু দুটি সড়ক ঘিরে বহু ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলোর দু-একটি বাদে সবগুলোরই বেজমেন্টে গাড়ি রাখার (পার্কিং) ব্যবস্থা নেই।
সড়কের পাশে গাড়ি পার্কিংয়ের কারণে আবদুল জোব্বার সড়ক ও রোমেনা আফাজ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত পার্কিংয়ের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে সাতমাথা থেকে থানা মোড় পর্যন্ত কবি নজরুল ইসলাম সড়কেও। ফলে বিদ্যালয়গামী শিশু ও পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
ট্রাফিক পুলিশ বলছে, কবি নজরুল ইসলাম সড়ক ও নিউমার্কেট ঘিরে কয়েক হাজার দোকান, হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধু টাওয়ার ছাড়া কোনো প্রতিষ্ঠান বা মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। কেনাকাটা করতে আসা লোকজন গাড়ি পার্ক করছেন ব্যস্ততম রাস্তার পাশে। হকারদের দখলে থাকা ফুটপাতও দখলমুক্ত করার উদ্যোগ নেই। ফলে চেষ্টা করেও ট্রাফিক পুলিশ শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে, রোজার প্রথম দিন থেকেই শহরের ইয়াকুবিয়া মোড় থেকে জ্বলেশ্বরীতলা কালীবাড়ি মোড় পর্যন্ত শহীদ আবদুল জোব্বার সড়কে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট থাকে। রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং ছাড়াও ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেন হকার ও ফেরিওয়ালারা। ফলে এ সড়ক হেঁটে পারাপারও অত্যন্ত কষ্টকর। একই চিত্র জজ আদালত থেকে কালীবাড়ি পর্যন্ত রোমেনা আফাজ সড়কেও। শহরের ইয়াকুবিয়া মোড় থেকে সাতমাথা পর্যন্ত পুরো রাস্তা দখলে থাকে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার।
ট্রাফিক পুলিশ ও জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, আবদুল জোব্বার সড়ক ও রোমেনা আফাজ সড়কে দুই শতাধিক বিপণিকেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বেশির ভাগ দোকানই ভাড়া করা ভবনে চলছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব ভবনে পার্কিং সুবিধা নেই। দু-একটি বাদে সব দোকানের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে লোকজন কেনাকাটা করছেন।
বেলা একটায় স্কুল ফেরত সন্তানকে নিয়ে আবদুল জোব্বার সড়কের ভয়াবহ যানজটে রিকশায় আটকা পড়েন সেউজগাড়ির জয়া তামান্না (৩২)। তিনি বলেন, ‘গরমে জীবন বের হয়ে যাচ্ছে। কালীবাড়ি মোড় থেকে ইয়াকুবিয়া মোড় পর্যন্ত তিন মিনিটের রাস্তা। অথচ আধা ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।’
জ্বলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে যানজট হওয়ার কথা নয়। এ দুটি সড়কে যানজট হচ্ছে বৈধ-অবৈধ দেড় শ কোচিং সেন্টার ও অবাধে রিকশা চলাচলের কারণে। ঈদুল ফিতরের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে এবারও পৌরসভার সহায়তা নিয়ে পাশের আলতাফুন্নেছা খেলার মাঠ ও প্রি-ক্যাডেট স্কুল মাঠে অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
পরে খোঁজ নিয়ে দেখা যায়, আলতাফুন্নেছা খেলার মাঠ ও প্রি-ক্যাডেট স্কুল মাঠে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই।
বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট নাহিদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, শহরে বৈধ রিকশার সংখ্যা মাত্র সাড়ে পাঁচ হাজার। আর অবৈধ রিকশা রয়েছে ৫০ হাজারের মতো। এর বাইরে প্রায় ছয় হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও আট হাজারের মতো সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যান সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘শহরের যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। সহযোগিতা চাওয়া হলে পৌরসভার পক্ষ থেকে তা দেওয়া হবে।’
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ঈদবাজার করতে আসা মানুষের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে রোজার আগে ব্যবসায়ীসহ পেশাজীবীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সবাই যানজট নিয়ন্ত্রণে আন্তরিক। প্রতিবছর রোজায় অবৈধ রিকশা আটকের অভিযানে পৌরসভা ২০ জন কর্মী দিয়ে পুলিশকে সহযোগিতা করে। এবার কর্মী চাওয়া হলেও পৌরসভা এখন পর্যন্ত সাড়া দেয়নি। ফলে ট্রাফিক পুলিশের একার পক্ষে যানজট নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।’