যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ে সড়ক আটকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ ষ ছবি: প্রথম আলো
তেজগাঁওয়ে সড়ক আটকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ ষ ছবি: প্রথম আলো

সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার বিক্ষোভ-বৃষ্টিতে সৃষ্ট যানজটে প্রচণ্ড নাকাল হতে হয়েছে নগরবাসীকে।
পুলিশ বলছে, বুধ ও বৃহস্পতিবার হরতাল, এরপর শুক্র ও শনিবার সরকারি ছুটি শেষে গতকাল রাস্তায় যানবাহনের চাপ এমনিতেই বেশি ছিল। তার ওপর সকালে উত্তরায় শ্রমিক বিক্ষোভ আর দুপুরের দিকে তেজগাঁও এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। বিকেলের দিকে শুরু হয় বৃষ্টি। সব মিলিয়ে দিনভরই যানজটে প্রায় স্থবির ছিল রাজধানী।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে সাতরাস্তা মোড়ে কয়েক শ শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। দুই দফা দাবি নিয়ে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
অবস্থান নেওয়ার পরে উত্তেজিত শিক্ষার্থীরা সেখানে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন আটক করে। খবর পেয়ে বেলা সোয়া একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাতরাস্তা মোড়ে যান। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের দাবিতে আমরা সহানুভূতিশীল। দেশের জেলা-উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ন্যায়সংগত দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এটি আমরা তড়িৎগতিতে বাস্তবায়ন করব।’ এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলুল হক মল্লিক বলেন, মন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ২৫ সেপ্টেম্বর কাকরাইলে আইডিইবি ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেন তিনি। এই নেতা তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আজ রাতে (গতকাল) নিউইয়র্ক যাওয়ার আগে আমাদের দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়ে যান।’
এদিকে এ ঘটনার রেশ ধরে রাজধানীর মহাখালী, মগবাজার, কারওয়ানবাজার, মৌচাক, পল্টন পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এ ঘটনার রেশ না কাটতেই বিকেলে বৃষ্টি নামে।
বৃষ্টির পর যানবাহনগুলো রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। মতিঝিল, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ানবাজার ও ফার্মগেটে বহু মানুষকে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।