যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দলের মানববন্ধনের কারণে গতকাল রাজধানীজুড়ে ছিল প্রচণ্ড যানজট। ছবিটি পরিবাগ এলাকা থেকে তোলা l প্রথম আলো
১৪ দলের মানববন্ধনের কারণে গতকাল রাজধানীজুড়ে ছিল প্রচণ্ড যানজট। ছবিটি পরিবাগ এলাকা থেকে তোলা l প্রথম আলো

পবিত্র রমজান মাসে রাজধানীতে এমনিতেই যানজট থাকে। এতে মানুষের কষ্টের অভিযোগও বাড়ে। এর মধ্যে গতকাল রোববার দুপুরের পরে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই যানজট আরও বাড়ে।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধনের কারণে অফিস ছুটি শেষে স্বাভাবিক যানজটের সঙ্গে যোগ হয় বাড়তি এই যানজট। এতে মানুষের দুর্ভোগও বাড়ে। সপ্তাহের প্রথম কর্মদিবস থাকায় গতকাল মানুষের চলাচলও বেশি ছিল। ফলে সকালের দিকেও যানজট ছিল।
গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন উপলক্ষে রাজধানীর ১৫টি পয়েন্টে অবস্থান নেন সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের প্রধান এলাকাগুলোতে ছিল তাঁদের অবস্থান।
দুর্ভোগের শিকার ব্যক্তিরা বলছেন, গতকালকের বিকেলের যানজট ‘অসহনীয়’ আকার ধারণ করে। সড়কগুলোতে যানজটে যানবাহন চলাচল প্রায় থমকে যায়। সড়ক থেকে অলিগলিতেও যানজট ছড়িয়ে পড়ে। রমজানে সরকারি-বেসরকারি অফিসের সময় সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। অফিস ফেরত মানুষের ঘরে ফেরার সময় এবং মানববন্ধন একই সময়ে হওয়ায় ঘরমুখী মানুষ বেশ সমস্যায় পড়েন। ভুক্তভোগী ব্যক্তিদের একজন বলেন, ‘অফিস শেষে বের হয়েছি। গাড়িতে চড়ার মতো অবস্থা নেই।’ পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর সব সড়কেই প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত বেশ যানজট দেখা গেছে। গাড়ি চলেছে খুবই ধীরগতিতে। বিভিন্ন স্থান থেকে মিছিল আসার কারণে অলিগলিতেও যানবাহন আটকে থাকে। দুপুরের পরে মতিঝিল থেকে আসা যানবাহনগুলো দৈনিক বাংলা মোড়ে থমকে যায়। প্রচণ্ড গরমে অনেকেই বাস থেকে নেমে যান।
গুলিস্তান এলাকায় পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘যানজট হবে বলে আমরা রাস্তায় কাউকে দাঁড়াতে দিইনি।’