যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া এলাকায় যানজট। দৃশ্যটি গতকাল বিকেলে ক্যামেরাবন্দী করা হয় l প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া এলাকায় যানজট। দৃশ্যটি গতকাল বিকেলে ক্যামেরাবন্দী করা হয় l প্রথম আলো

নারায়ণগঞ্জে চিটাগাং রোড, ইপিজেড, আদমজী, চাষাঢ়া, বিসিক শিল্প এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নৈমিত্তিক ব্যাপার। জনবল কম থাকায় জেলার যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক সদস্যরা। যানজট হয়ে উঠছে অসহনীয়।
চাষাঢ়া এলাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান বলেন, এখানে ট্রাফিক কনস্টেবল লাগে কমপক্ষে চারজন। আছেন মাত্র দুজন। এ কারণে যানবাহন নিয়ন্ত্রণ করতে দুর্ভোগ পোহাতে হয়। চালকদের ঠিকমতো নিয়ন্ত্রণ করা যায় না।
সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের জনসংখ্যা প্রায় ৩০ লাখ। জেলায় রয়েছে অসংখ্য ছোট–বড় শিল্পকারখানা। এদিকে নারায়ণগঞ্জ জেলায় যানবাহন নিয়ন্ত্রণ করেন মাত্র ১১৫ জন ট্রাফিক পুলিশ। প্রতি পালায় জেলার ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে পারেন ৭২ জন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
নারায়ণগঞ্জ জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ১১ জন ট্রাফিক ইন্সপেক্টর, ১৩ জন সার্জেন্ট, ৬ জন টাউন সাব ইন্সপেক্টর, ১২ জন সহকারী টাউন সাব ইন্সপেক্টর, এএসআই (এবি) ৬ জন, এএসআই একজন ও কনস্টেবল আছেন ৬৫ জন। আর প্রধান কর্মকর্তা হিসেবে আছেন একজন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক)। জেলায় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ৫৬টি এলাকার উল্লেখ আছে। দুই পালায় কাজ করতে গিয়ে মোট ট্রাফিক পুলিশের সংখ্যা অর্ধেক হয়ে যায়। সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক পালা। আর বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আরেক পালা। ফলে প্রতি পালায় এই ৫৬টি স্থানে দায়িত্ব পালন করতে পারেন মাত্র ৭২ জন। অনেক সময় রাতেও মহাসড়কে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক সদস্যদের।
জেলার ট্রাফিক সার্জেন্ট মো. সাইফুল্লাহ বলেন, পাগলা, মুন্সিখোলা, পঞ্চবটীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জনবলসংকটের কারণে অনেক সময় কাউকে দায়িত্বই দেওয়া যায় না। এ কারণে বেশির ভাগ সময় সেখানে যানজট লেগে থাকে। এ ছাড়া কখনো পাঁচ-ছয়জন ছুটিতে থাকেন। তখন আরও সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, কাগজে-কলমে ৫৬টি গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ থাকলেও মূলত এই সংখ্যা আরও বেশি। আদমজী রোড ও ইপিজেড এলাকায় মানুষ ও যানবাহনের চাপ অনেক বেশি। বিসিক শিল্প এলাকায় অসংখ্য ট্রাক চলাচল করে। ঢাকার প্রবেশমুখেও সব সময় গাড়ির চাপ থাকে।
সাইফুল্লাহ বলেন, জনবলসংকট ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নেই। রেকার আছে মাত্র তিনটি। ট্রাফিক পুলিশের কার্যালয়টিও ভাড়া করা বাড়িতে। গাড়ির স্বল্পতা আছে। সার্জেন্টদের পর্যাপ্ত মোটরসাইকেল নেই।
জেলায় দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, গুরুত্বের দিক দিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই জেলার সঙ্গে ঢাকাসহ আশপাশের এলাকার বেশ কয়েকটি সংযোগ-সড়ক আছে। সেখানে ট্রাফিক পুলিশ না দিলে যানজট হবেই। শিমরাইল ও সাইনবোর্ড এলাকা হলো নারায়ণগঞ্জের গেটওয়ে। সেখানেও ট্রাফিক সদস্য দরকার হয়। ভুলতা ও গাউছিয়া এলাকায় ফ্লাইওভার হচ্ছে। সেখানে সব সময় গাড়ির চাপ থাকে। সবগুলো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দিতে গেলে পাঁচ গুণ বেশি জনবল দরকার। তিনি বলেন, বিসিক শিল্প এলাকায় প্রায় দুই লাখ শ্রমিক কাজ করেন। সেখানে অসংখ্য যানবাহন চলাচল করে। এসব নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশ লাইনসে পুলিশ সদস্য বাড়লেও ট্রাফিক সদস্য বাড়ছে না। অল্প জনবল দিয়ে এত বিপুলসংখ্যক যানবাহন সামলাতে ট্রাফিক পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।