যানজটে নাকাল রংপুর নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের প্রধান সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়।  সিটি বাজারের সামনে থেকে গত বুধবার দুপুর ১২টার দিকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম
রংপুর নগরের প্রধান সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। সিটি বাজারের সামনে থেকে গত বুধবার দুপুর ১২টার দিকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

রংপুর নগরের সড়কগুলোতে গিজগিজ করছে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। এতে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসীকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।

গত বুধবার নগরের সিটি পার্ক মার্কেটের সামনে থেকে জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেটের সামনে থেকে পায়রা চত্বর এলাকাসহ বেতপট্টি, হাড়িপট্টি সড়কে সরেজমিনে তীব্র যানজট দেখা গেছে।

বেলা ১১টা। শহরে ঢোকার মুখে রাস্তাটিতে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনের জট। একটু সামনে যায়, আবার থেমে থাকে। এ নগরের সবচেয়ে বড় কাঁচাবাজার সিটি বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে লোকজন বেরোচ্ছেন। কিন্তু বাজারটির সামনের সড়কে যানজট। যানজটের কারণে লোকজন ঠিকমতো হাঁটতেও পারছেন না। এই স্থানে যানবাহন থেকে যাত্রীরা ওঠানামা করেন। সেই সঙ্গে রাস্তার দুই পাশে অটোরিকশা ও রিকশাগুলো যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকে। এ কারণে মুহূর্তেই অটো ও রিকশার দীর্ঘ সারি হয়।

বাজার শেষে বাসায় ফিরছিলেন শহরের ইঞ্জিনিয়ারপাড়ার বাসিন্দা রাজু আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, রোজার মাসে এভাবে পণ্য হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কী যে কষ্টকর!

কেনাকাটা করতে যাওয়ার পথে রিকশায় আটকা পড়েন সুলতানা আক্তার নামের একজন গৃহিণী। যানজটে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বলেন, ‘এমনিতেই প্রচণ্ড রোদ। গরমে সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। অস্থির হয়ে উঠেছি। কখন যেতে পারব বুঝতে পারছি না। এই যানজটের জ্বালায় আমরা অতিষ্ঠ।’

অটোচালক রবিউল ইসলাম বলেন, ‘এমন করি প্রত্যেক দিন নানা জায়গাত আটকে থাকিয়া হামার আয়ও কমি গেইছে।’

একটু একটু করে অটোরিকশা এগিয়ে চলে। এখান থেকে অটোরিকশায় চড়ে মাত্র দেড় শ গজ দূরে জেলা পরিষদ সুপার মার্কেট মোড়ে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে।

দুপুর ১২টা। নগরের পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় ১০০ গজ দূরত্বের সড়কেও যানজটের একই চিত্র। পায়রা চত্বরের পাশে সড়কের মধ্যেই ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। নগরের সাহেবগঞ্জ ও শালবনগামী যাত্রী সংগ্রহে একাধিক অটোচালক ডাকাডাকি করছেন। পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় হেঁটে যেতে তিন মিনিট লাগে। সেখানে এই পথ যানবাহনে যেতে লাগছে ২০ মিনিট।

বেলা একটা। জাহাজ কোম্পানি মোড়। এখানে চারদিক থেকে চারটি সড়ক এসে মিলেছে। এই মোড়ের চারদিকেই বিপণিবিতান। এখানেও দেখা যায় সড়কের মধ্যে অটোরিকশার স্ট্যান্ড। কে কার আগে যাত্রী তুলতে পারবে, সেই প্রতিযোগিতা চলছে। এই মোড়ের পাশে অবস্থিত হাড়িপট্টি, লোহাপট্টি, বেতপট্টি এলাকায় সরু সড়কে কেনাকাটা করতে আসা মানুষদের দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩ হাজার ৩১৩টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়। এরপর এ ধরনের আর কোনো যানবাহনের নিবন্ধন করা হয়নি। তবে বর্তমানে ২০ হাজারের বেশি অটোরিকশা এই নগরে চলাচল করছে।

জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক খান মো. মিজানুর ফাহাদী বলেন, ‘এত বড় শহরে মাত্র ৩৩ জন ট্রাফিক পুলিশ। এর মধ্যে ১৬ জন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে থাকেন। এক পালায় কমপক্ষে ৩০ জন ট্রাফিক পুলিশের প্রয়োজন। তার ওপর শহরে অটোরিকশার সংখ্যা অনেক বেশি। এসব কারণে যানজট দূর করতে হিমশিম খেতে হচ্ছে। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, শহরকে যানজটমুক্ত করতে ইতিমধ্যে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। শিগগির অবৈধ অটোরিকশাও জব্দ করা হবে, যাতে ঈদুল ফিতর উপলক্ষে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।