যানজটে নাকাল রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল থেমে থেমে বৃষ্টি হয়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা ষ প্রথম আলো
রাজধানীতে গতকাল থেমে থেমে বৃষ্টি হয়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা ষ প্রথম আলো

সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকেই বৃষ্টি। তা চলল টানা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর সারা দিন টিপ টিপ। ফলাফল রাজধানীর অধিকাংশ সড়কে পানি, দীর্ঘ যানজট। সব মিলিয়ে গতকাল রোববারের দিনটি রাজধানীবাসীর জন্য ছিল দুর্ভোগের। ২০ মিনিটের পথ পাড়ি দিতে অনেকের সময় লেগেছে দেড় থেকে দুই ঘণ্টা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার বাইরে সিলেটে ছয় মিলিমিটার, খুলনায় চার মিলিমিটার আর বরিশালে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া বিজ্ঞানের হিসাবে বর্ষার এখন যাওয়ার সময়। তবে ভাদ্রের শেষ পর্যায়ে এসে এমন ধারার বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। বর্ষার মেঘ হয় খুব দ্রুত সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, নয়তো আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য জোর করছে। সে কারণেই দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।’
গতকালের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসমুখী মানুষ, স্কুলগামী শিশু আর তাদের অভিভাবকেরা। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকে। অটোরিকশার ও রিকশাওয়ালারা অতিরিক্ত ভাড়া নিয়েছেন। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাননি। টানা বৃষ্টির কারণে মিরপুর, মোহাম্মদপুর, বাসাবো, শাহজাহানপুর, ফকিরাপুল, শান্তিনগর মোড়, যাত্রাবাড়ী, গোপীবাগ, স্বামীবাগসহ অনেক নিচু এলাকায় পানি জমে যায়। বৈদ্যুতিক মিস্ত্রি মাকসুদ মিঞা ও গৃহকর্মী শাহনাজ বেগম জানান, পশ্চিম রাজাবাজারে তাঁদের বাসা। মূল সড়ক থেকে কিছুটা নিচে বাসার অবস্থান। বৃষ্টির পানির কারণে সকাল থেকে ছেলেমেয়ে নিয়ে তাঁরা খাটে বসেছিলেন। সিএনজিচালিত অটোরিকশাচালক শাহজাহান মিঞা জানান, বৃষ্টির কারণে গতকাল সকাল থেকে সারা দিনই যানজটে পড়তে হয়েছে অনেক বেশি। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে অনেক নিচু রাস্তায় পানি জমে গেছে। কোথাও কোথাও পানি ঢুকে গাড়ি নষ্ট হয়ে যায়। এসব কারণে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। আর এ কারণেই গতকাল ঢাকায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি যানজট ছিল।