যানজটে নাকাল রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট। শুধু ধানমন্ডিতে নয়, রাজধানী বেশিরভাগ সড়কেই একই দৃশ্য দেখা যায়। ছবি:মনিরুল আলম
রাজধানীর রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট। শুধু ধানমন্ডিতে নয়, রাজধানী বেশিরভাগ সড়কেই একই দৃশ্য দেখা যায়। ছবি:মনিরুল আলম

সকাল আটটার মিরপুর সড়ক। নতুন ব্র্র্যান্ডের গাড়ি, মাইক্রোবাস, মিনিবাস, বাস, রিকশা ও ভ্যানে ঠাসা। কিন্তু সে অর্থে চলছে না কিছুই। ঠেকে ঠেকে এগোচ্ছে। কোথাও কোথাও জটলা, গাড়িচালকদের উত্তপ্ত বাক্যবিনিময়, কোথাও কোথাও গন্তব্যে সময়মতো পৌঁছতে না পারার আশঙ্কায় আরোহীর কপালে চিন্তার ভাঁজ। সকালের ঘণ্টা দুই-তিনেক রাজধানীর বেশ কিছু এলাকার যানজট পরিস্থিতি বহু মানুষের কাছেই ‘অসহনীয়’।

শুধু যে রাজধানীর মিরপুর সড়কের এই হাল, তা নয়। যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বেশি, সেসব দিকে সকাল থেকেই শুরু হয় মানুষের ছোটাছুটি। দেখা গেছে, দিনের অন্য সময়ের তুলনায় সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দ্বিগুণ বা তিন গুণ মানুষ রাস্তায় নামে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ২০০৯ সালে ‘ফাইনাল রিপোর্ট অন ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ প্রকাশ করে। এই প্রতিবেদনে উত্তরা থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ রোড, প্রগতি সরণী, ডিআইটি রোড, টয়েনবি সার্কুলার রোড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত; গাবতলী থেকে মিরপুর সড়ক, জহির রায়হান সরণি থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারপোর্ট রোড, শহীদ তাজউদ্দীন সড়ক থেকে রমনা পর্যন্ত এলাকায় ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত যানজট পরিস্থিতি কেমন, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। দেখা গেছে, রাজধানীর কলাবাগানে সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত দুই হাজার ৩৩৮ জন মানুষ চলাচল করে, সাতটা থেকে আটটায় এই সংখ্যা হয় পাঁচ হাজার ৩১৬ এবং আটটা থেকে নয়টায় এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৪ হাজার ২৭৩। প্রায় একই চিত্র দেখা গেছে মতিঝিলে। এখানে সকাল ছয়টা থেকে সাতটায় আবদুল্লাহপুর থেকে প্রগতি সরণি হয়ে মতিঝিল পৌঁছান এক হাজার ৩০৪ জন, সাতটা থেকে আটটায় পৌঁছান দুই হাজার ৩৫৮ জন। আর আটটা থেকে নয়টায় এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১ হাজার ৮৮৬ । 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্যসচিব স্থপতি ইকবাল হাবীব প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকার জন্য যে বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়েছে, সেখানে কোথায় কোন ধরনের প্রতিষ্ঠান কতটি থাকতে হবে, সে সম্পর্কে বলা আছে। এ আইন এখন কেউ মানে না। এ আইন অমান্য করার প্রবণতা শতভাগ।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি স্কুলে সন্তানকে পৌছে দিতে এসেছিলেন মাধবী গুপ্তা। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, জিগাতলা থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে পৌঁছাতে তাঁর প্রায় আধা ঘণ্টা লেগে যায়। হেঁটে এলে হয়তো এর চেয়ে কম লাগত। প্রায়ই গলির মধ্যে গাড়ি ঢুকে পড়ে বলে রিকশা এগোতে পারে না।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের যোগাযোগ বিশেষজ্ঞ মারুফ রহমান প্রথম আলো ডটকমকে বলেন, রাজধানীর কয়েকটি এলাকায় যানজটের প্রধান কারণ ব্যক্তিগত গাড়ি। ঢাকার প্রতিটি এলাকায় উন্নত মানের স্কুল প্রতিষ্ঠা করতে হবে, যেন মা-বাবা সন্তানদের হেঁটে স্কুলে নিয়ে যেতে পারেন। অফিস-আদালতে যাতায়াতের জন্য অনেক বেশি গণপরিবহনের ব্যবস্থা করতে হবে।

সকাল নয়টার দিকে রবীন্দ্র সরণির সামনে  ট্রাফিক পুলিশ মো. আসাদ মিয়ার সঙ্গে কথা হয়। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ছটায় রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দম ফেলার ফুরসত পাননি। ধানমন্ডির প্রায় প্রতিটি মোড়ে তিন থেকে চারজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেন। কিন্তু যে পরিমাণ গাড়ির আনাগোনা, তাতে তাঁরা কাজ করতে হিমশিম খান। সকালবেলার যানজট নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করেন কমিউনিটি পুলিশের সদস্যরা। মো. আবদুল জলিল তাঁদের একজন। তিনি বলেন, পুলিশের তালিকায় শুধু ধানমন্ডিতে এক শর মতো ছোট-বড় স্কুল আছে। ঢাকার নানা জায়গা থেকে প্রতিদিন অসংখ্য গাড়ি ঢোকে এখানে।

রাজধানীর রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট। শুধু ধানমন্ডিতে নয়, রাজধানী বেশিরভাগ সড়কেই একই দৃশ্য দেখা যায়। ছবি:মনিরুল আলম
রাজধানীর রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট। শুধু ধানমন্ডিতে নয়, রাজধানী বেশিরভাগ সড়কেই একই দৃশ্য দেখা যায়। ছবি:মনিরুল আলম

প্রায় একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন মতিঝিলের ট্রাফিক পুলিশ সার্জেন্ট তৌফিকুর রহমান। তাঁরা সারা সকাল গাড়ি কে কোথায় পার্ক করছে, কোন বাস কোথায় যাত্রী নামাচ্ছে, তার নজরদারি করতে গিয়ে নাকাল হন।

আজ সকালে মিরপুরের তীব্র যানজটে আটকা পড়েছিলেন মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিকুর রহমান। দ্রুত গন্তব্যে পৌঁছে যাবেন ভেবে গাড়ি কিনেছিলেন। কিন্তু মিরপুর-১২ নম্বরের বাসা থেকে নিজের গাড়িতে করে ১০ নম্বর গোলচত্বরে পৌঁছাতেই তাঁর আধা ঘণ্টা লেগেছে। মিরপুর থেকে আবার অফিস বা স্কুলগামী শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে যুক্ত হন পোশাক শিল্পের শ্রমিকেরা। সন্তানের সঙ্গে অভিভাবকদেরও ছুটোছুটি, বাসকাউন্টারের সামনে অফিসমুখী মানুষের লম্বা লাইন,  ফুটপাত দখল হয়ে যাওয়ায় মূল সড়কের ওপর  মানুষের চাপ—সব মিলে সকালের মিরপুর  অনেকের কাছেই যানজট-জনজটের অনন্য উদাহরণ। মিরপুরের এক বাসিন্দা বলেন, ফ্লাইওভার হওয়ার কারণে যে গাড়িগুলো আগে মহাখালী ও ক্যান্টনমেন্ট হয়ে উত্তরা যেত, সেগুলো এখন মিরপুর হয়ে যায়।

রাজধানীর মিরপুর থেকে ছেড়ে আসা নিউ ভিশন পরিবহনের চালক মাসুদ জানান, তিনি মিরপুর ১ থেকে আজ সকাল পৌনে আটটায় বাস ছেড়েছেন। সোয়া নয়টায় মতিঝিল এসে পৌঁছেছেন। মতিঝিল আসতে তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে।

মাসুদ আরও জানান, সকালে রাস্তা ফাঁকা থাকে। তাই তাড়াতাড়ি চলে এসেছেন। মূলত ১০টার পরে জ্যাম শুরু হয় বলেও জানান তিনি।

কাঁচপুর থেকে নিয়মিত মতিঝিলে অফিস করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তৌহিদুল ইসলাম। মতিঝিল শাপলা চত্বরে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, কাঁচপুর থেকে মতিঝিল এসে পৌঁছাতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও জানান, পথে খুব বেশি যানজট নেই। কেবল যাত্রাবাড়ী উড়াল সেতুর নিচ দিয়ে আসতে বেশি সময় লাগে। সেখানে সব সময় যানজট লেগেই থাকে।

প্রতিবেদনটি তৈরি করেছেন শেখ সাবিহা আলম, কমল জোহা খান ও আব্দুল্লাহিল ওয়ারিশ