যানজটে নাকাল রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে গতকাল সোমবার নাকাল হতে হয়েছে কর্মব্যস্ত ঢাকাবাসীকে। গ্রীষ্মের খরতাপে ঘণ্টার পর ঘণ্টা রাজপথে যানবাহনে বসে থাকতে হয়েছে তাঁদের। এর ধকলে সাতসকালেই থমকে যায় নগরজীবন।
রাজধানীর সড়কের কয়েকটি অংশে স্বয়ংক্রিয় সংকেত বাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সময় সাধারণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত করায় এ পরিস্থিতির তৈরি হয়।
গতকাল যানজট এতটাই ভয়ংকর আকার নেয় যে সকাল সোয়া নয়টার দিকে ডিজিটাল পদ্ধতি বাতিল করে পুরোনো সাংকেতিক পদ্ধতিতে ফিরে যেতে হয় ট্রাফিক বিভাগকে। তবে যানজটে রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রী ও চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা সড়কেই কাটান। এমনই একজন ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা রোকেয়া বেগম। চার ঘণ্টায় মিরপুর থেকে মতিঝিলে যাওয়ার পর তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ি তো আজ চলেই না। এ কেমন শহর?’ উত্তরা থেকে তিন ঘণ্টায় ধানমন্ডি এসেছেন জানিয়ে আরেক ভুক্তভোগী নাহিদ হোসেন বলেন, ‘আজ যানজট অসহনীয় রূপ নিয়েছে।’
রাজধানীর ভিভিআইপি সড়ক কাকলি মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত সংকেত বাতিগুলোতে এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (কেস) প্রকল্পের অধীনে দুই সিটি করপোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ যৌথভাবে এ কার্যক্রম শুরু করে।
খোঁজ নিয়ে জানা গেছে, কাকলি থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কে ১১টি সাংকেতিক বাতির কেন্দ্র রয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করে সিটি করপোরেশন। ১৫ মে থেকে এই সড়কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করা হয়। সড়কটির বিভিন্ন মোড়ে সাংকেতিক বাতির সময় (পিক টাইম-অফ পিক টাইম) নির্ধারণ করেন সিটি করপোরেশনের প্রকৌশলীরা। ২০১৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নগরের ছোট ছোট সড়কে এ নিয়ে পরীক্ষা চালান কেস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
যানজট প্রসঙ্গে জানতে চাইলে কেস প্রকল্পের প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল সিগন্যাল বাতির পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ কারণে আগে থেকে কোনো প্রচারণা চালানো হয়নি। প্রথম তিন দিনের পরীক্ষায় তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু গতকাল সকাল থেকে গাড়ির চাপ বেশি ছিল। এর সমস্যাগুলো কীভাবে কাটানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছি।’
স্বয়ংক্রিয় বাতির পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি গতকাল মন্ত্রিসভার বৈঠক থাকায় প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি ব্যক্তিদের চলাচলে রাজপথ চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ধকলে পড়ে শুধু কাকলি-শাহবাগ নয়, পুরো ঢাকা শহরের সড়কেই যানবাহন আটকে থাকে। ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, সচিবালয়ে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য সড়ক উন্মুক্ত করতে এক ঘণ্টা লেগে গেছে।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, পরিস্থিতি খারাপ হওয়ায় সকালে যানজট পরিদর্শনে বের হন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পরীক্ষামূলকভাবে চালু করা ডিজিটাল সিগন্যাল পদ্ধতিকে ম্যানুয়াল করার নির্দেশ দেন কমিশনার। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আগের নিয়মেই যানবাহন নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মূলত ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই যানজট সৃষ্টি হয়েছে, তা ছাড়া শুধু তো যানবাহনের কারণেই যানজট হয় না, অন্য কারণও আছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরের যে ট্রাফিক সিগন্যাল বাতিগুলো রয়েছে, এর টাকা দিই আমরা, বাতি লাগিয়ে দিই আমরা, নষ্ট হয়ে গেলে ঠিক করে দিই আমরা। এ ছাড়া আমাদের কোনো ভূমিকা নেই।’
পরিস্থিতি মোকাবিলায় নগর কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরে যে গাড়ি চলে, সেটি আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা রাস্তা ভাঙলে বানায়ে দিই। ট্রাফিকের বিষয়ে আমাদের সরাসরি কোনো হাত নেই।’
ভিভিআইপি সড়কে এ ধরনের পরীক্ষা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আরও হোমওয়ার্ক করে এ ধরনের পরীক্ষা চালানোর কথা বলেছি। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল যানজটমুক্ত নগর। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’