অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাকারিয়া বকশ বনানীর বাসা থেকে ইস্কাটনের দিলু রোডে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা করে গতকাল রোববার বেলা তিনটায় রওনা হয়েছিলেন। যানজট পেরিয়ে কারওরান বাজারের সোনারগাঁও হোটেলের মোড়ে যখন এলেন তখন বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে। গাড়ি আর চলে না। অগত্যা বাধ্য হয়েই ভাড়া মিটিয়ে হেঁটে চললেন দিলু রোডের দিকে। জানতে চাইলে কিছুটা বিরক্ত হয়েই বললেন, ‘এইটুকু পথ আসতেই দুই ঘণ্টা লেগে গেল!’
গতকাল দুপুরের পর থেকে রাজধানীর হাজারো মানুষকে এভাবেই যানজটে পড়ে নাকাল হতে হয়েছে। যানজট ঢাকা শহরের নতুন কিছু না হলেও জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশের কারণে গতকাল যানজট বহুগুণ বেড়ে যায়। কারণ সারা দেশ থেকে ছাত্রলীগের শত শত নেতা-কর্মী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে ঢাকায় আসায় নিয়মিত যানজটে বাড়তি চাপ পড়ে। আবার ঢাকা শহরের অসংখ্য যান প্রায় একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হওয়ায় এই যানজট আরও তীব্র হয়। প্রথমে এই যানজট শাহবাগকেন্দ্রিক হলেও পরে তা প্রায় পুরো ঢাকা শহরেই ছড়িয়ে পড়ে।
গতকাল ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। একই দিন আবার বেলা দুইটা পর্যন্ত ইসলামী ছাত্র সেনার ডাকে হরতাল পালিত হয়েছে। ফলে দুপুরের পরে সাধারণ মানুষও রাস্তায় নামে। প্রায় একই সময় রাস্তায় নামে ছাত্রলীগের মিছিল। দুপুরের পর থেকে শুরু হওয়া এই যানজট রাত পর্যন্তও চলে। ফলে মানুষের কষ্ট বাড়ে। ২০ মিনিটের রাস্তা পাড়ি দিতে অনেকের দুই ঘণ্টা পর্যন্তও লেগেছে।
বিকল্প পরিবহনের ভাড়া আদায়কারী কামাল হোসেন বলছিলেন, ‘বিজয় সরণির কাছে প্রায় আধা ঘণ্টা আটকে থাকতে হয়েছে। আবার কারওয়ান বাজারে এসে থেমে গেছি।’ এ সময় অসহনীয় যানজটে আটকা পড়া আশপাশের বাস থেকেও বিরক্তিসূচক মন্তব্য শোনা যাচ্ছিল। কেউ কেউ সরকারের বিরুদ্ধেও কথা বলছিলেন। কেউ বলছিলেন এমনিতেই যানজটের কারণে প্রতিদিন মানুষকে কষ্ট করতে হয়। এর মধ্যে সভা-সমাবেশ হওয়ায় এই কষ্ট আরও বাড়ে।