যানজটে নয় শতাংশ শিক্ষার্থীই ভর্তিপরীক্ষা দিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১০ হাজার ৭১১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যানজটের কারণেই বেশির ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আমরা দুবার পরীক্ষা আধা ঘণ্টা করে পিছিয়েছি।’প্রশাসন সূত্র জানায়, এবার প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার ৫৬০ জন। তাঁদের মধ্যে অংশ নেন এক লাখ ৮৪৯ জন। এ হিসাবে প্রায় নয় শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।জানা গেছে, শহর থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হাটহাজারী সড়কে ব্যাপক যানজটের মুখে পড়েন পরীক্ষার্থীরা। ভর্তিচ্ছু ও তাঁদের অভিভাবকেরা এই পথে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণে সড়কে যান চলাচল বেড়ে যায়। ফলে নগরের অক্সিজেন মোড় থেকে ইসলামিয়া হাট পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক প্রথম আলোকে বলেন, এবার অনেক পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অনেক পরে হলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেকেই দেরি করে হলে ঢুকেছে। তুমুল প্রতিযোগিতার মধ্যে আধা ঘণ্টা দেরি করে হলে ঢুকলে ভর্তিযুদ্ধে টিকে থাকা সম্ভব নয়।যানজটে আটকে পড়ে পরীক্ষা দিতে না পারা রংপুরের শিক্ষার্থী তানভির আহমেদ বলেন, ‘সি-১ ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) পরীক্ষা দিতে কালুরঘাটে আত্মীয়ের বাসা থেকে সকালে বের হই। কিন্তু যানজটের কারণে ক্যাম্পাসে এসে দেখি পরীক্ষা শেষ হয়ে গেছে।’