যানজটে বন্দী সিলেটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়হান উদ্দিন ও সুলতানা বেগম দম্পতির বাসা সিলেট নগরের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায়। তাঁরা বেলা সোয়া একটার দিকে বাসা থেকে রিকশায় করে জিন্দাবাজারের উদ্দেশে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। নির্দিষ্ট গন্তব্যের মাঝপথ বন্দরবাজার এলাকায় এসে তাঁরা যানজটে আটকা পড়েন। সেই যানজটে আধা ঘণ্টা বসে থাকেন।
রায়হান-সুলতানাকে বহনকারী রিকশাটি কোনোভাবেই যখন একচুলও নড়ছিল না, তখন বাধ্য হয়ে তাঁরা রিকশা ছেড়ে হেঁটে রওনা দেন। এ দৃশ্য গতকাল বুধবার বেলা দুইটায় নগরের বন্দরবাজার এলাকার। ব্যস্ততম এই চৌরাস্তার মোড়সহ গতকাল নগরের অন্তত ২৩টি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে একই দৃশ্য দেখা গেছে। ভার্থখলার বেসরকারি চাকরিজীবী রায়হান উদ্দিন ক্ষুব্ধ কণ্ঠেই বললেন, ‘আমার বাসা থেকে জিন্দাবাজার যেতে বড়জোর ১৫ মিনিট সময়ের ব্যাপার। কিন্তু যানজটের কবলে পড়ে এক ঘণ্টায়ও গন্তব্যে যেতে পারলাম না।’
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সরেজমিনে নগরের বন্দরবাজার ছাড়াও ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, তালতলা, লামাবাজার, রিকাবীবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, টিলাগড়, শিবগঞ্জ, মীরাবাজার, নাইওরপুল, জেলরোড, বারুতখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, ভার্থখলা ও কদমতলী এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এসব এলাকায় নগরবাসীকে এখন প্রায় নিয়মিতই যানজটের কবলে পড়তে হয়।
যানজটের কারণ খুঁজতে গিয়ে গতকাল বিভিন্ন মোড়ে কর্তব্যরত ছয়জন ট্রাফিক পুলিশ ও অর্ধশতাধিক নাগরিকের সঙ্গে কথা হয়। তাঁদের প্রায় অভিন্ন মত, ফুটপাত বেদখল হওয়া, অপ্রশস্ত সড়ক, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানে পার্কিং ব্যবস্থা না থাকা, দিনের বেলায় নিয়ম ভঙ্গ করে ট্রাক চলাচল এবং দ্রুত নগরায়ণের ফলে যানজট দেখা দিচ্ছে। এর বাইরে ব্যাটারিচালিত অবৈধ রিকশার অবাধ চলাচলের কারণে যানজট সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, নগরের আয়তন ৪৬ বর্গকিলোমিটার। এর মধ্যে ৩০০ কিলোমিটার এলাকায় ফুটপাত রয়েছে। যার মধ্যে ১০০ থেকে ১৫০ কিলোমিটার ফুটপাত হকাররা দখল করে নিয়েছে। নগরে ২৩ হাজার বৈধ রিকশার পাশাপাশি আরও অন্তত ৩০ থেকে ৩৫ হাজার অবৈধ রিকশা চলাচল করে। পাঁচ থেকে সাত হাজার ব্যাটারিচালিত রিকশাও নগরে চলাচল করছে। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় শী শেখর এবং সমাজ অনুশীলন সিলেটের সাধারণ সম্পাদক মুক্তাদীর আহমদ উভয়েই বলেন, যানজট নিরসনে মহানগরের ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অবৈধ রিকশা ও অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এমনকি ফুটপাত উচ্ছেদেও প্রায়ই উদ্যোগ নেওয়া হয়। তবে যানজট নিরসনের দায়িত্ব মহানগর পুলিশের।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেছেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির পর নগরে অন্তত ১৮ হাজার সিএনজি অটোরিকশা চলাচল শুরু করেছে। এ জন্য যানজট অসহনীয় ও দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। তবে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে নিরলস কাজ করছে।