যানজটে বিপর্যস্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে থমকে থাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সারি বেঁধে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে তোলা l প্রথম আলো
যানজটে থমকে থাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সারি বেঁধে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে তোলা l প্রথম আলো

পবিত্র রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গেই যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা ধরে চলছিল এ যানজট। এতে অবর্ণনীয় দুর্দশায় পড়েন এই পথের হাজারো যাত্রী। বাস ছাড়াও আটকে থাকে ট্রাক, কাভার্ড ভ্যানসহ অসংখ্য পণ্যবাহী যান।
মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকা, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত এবং টাঙ্গাইলের মির্জাপুর অংশে কখনো ২০ কিলোমিটার, কখনো ৪০ থেকে ৭০ কিলোমিটার স্থানজুড়ে ছিল যানজট।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কটির বিভিন্ন স্থানে শুরু হয় থেমে থেমে যানজট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়তে থাকে। একপর্যায়ে তা গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। গতকাল বেলা তিনটার দিকে চন্দ্রা থেকে মির্জাপুরের কুর্ণি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট হয়। তবে ইফতারের পর এই যানজট অনেকটাই কমে আসে বলে জানা যায়।
যানজটের কারণ: অসহনীয় এই যানজটের কারণ হিসেবে পুলিশ, চালক ও যাত্রীরা কয়েকটি কারণ চিহ্নিত করেন। তাঁরা বলছেন, রোজা শুরু হওয়ায় হঠাৎ করে যানবাহনের বাড়তি চাপ, বৃষ্টিতে সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়া, সড়কের পাশে বাজার ও বাস কাউন্টার বসানো, যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক বিকল হয়ে দীর্ঘ সময় পড়ে থাকা ইত্যাদি বিষয় এ জন্য দায়ী। মহাসড়কের ধেরুয়া রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকাও যানজটের আরেকটি কারণ।
মহাসড়ক পুলিশ বলেছে, প্রবল বর্ষণ ও রমজানের শুরুতেই সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ এই যানজটের। বিভিন্ন স্থানে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় যানজট আরও প্রকট আকার ধারণ করছে।
গতকাল বিকেল পর্যন্ত যানজট এতটাই ভয়াবহ ছিল যে ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছিল তিন ঘণ্টারও বেশি। এতে দুঃসহ ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। মহাসড়ক পুলিশ যানজট নিরসনে সাধ্যমতো চেষ্টা করলেও তাতে তেমন কাজ হচ্ছিল না।
ভুক্তভোগীর ভাষ্য: রাজশাহী সদরের কাজলা এলাকার বাসিন্দা মিতা রানী ঘোষ বলেন, ‘আর সহ্য হচ্ছে না। দুই সন্তান যে কী রকম অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তা বোঝাতে পারব না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছি।’
স্বামী ও দুই ছেলেমেয়েকে নিয়ে রাজশাহী থেকে নবীনগর যেতে গতকাল ভোর চারটায় বাসে উঠেছিলেন মিতা। আট ঘণ্টা পর দুপুর ১২টায় তিনি মির্জাপুরের বাওয়ার কুমারজানী এলাকা অতিক্রম করেন।
হানিফ এন্টারপ্রাইজের চালক আবদুল আলীম বলেন, রোজার শুরু থেকেই সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল শুরু করেছে। ঢাকার ভেতর ও জেলা শহরগুলোর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পুরোনো ও আনফিট বাস-মিনিবাসগুলো এসে মহাসড়কে বিকল হয়ে পড়ছে। বিকল গাড়ির পেছনে পড়ছে যানবাহনের লম্বা সারি।
চন্দ্রা এলাকার ব্যবসায়ী ইউছুফ আহম্মেদ বলেন, সাভার, আশুলিয়া, কালিয়াকৈর এলাকায় অনেক পোশাক কারখানা। কারখানার শ্রমিকেরা এখানকার কাউন্টারগুলো থেকেই টিকিট করে বাসে ওঠেন। আবার এখানেই তাঁরা বাইরে থেকে এসে বাস থেকে নামেন। এতে চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে।
টাঙ্গাইল থেকে চন্দ্রা পর্যন্ত অংশে সড়কে কোনো বিভাজক নেই উল্লেখ করে শ্যামলী পরিবহনের বাসচালক আতাউর রহমান বলেন, এই অংশে যানজট হলে কিছু চালক ডান পাশ দিয়ে গাড়ি চালিয়ে দেন। এতে দুই পাশের রাস্তাই বন্ধ হয়ে যায়।
যানজটের অন্যতম কারণ হিসেবে কোনাবাড়ী মহাসড়ক থানার পরিদর্শক আবু দাউদ চিহ্নিত করলেন চালকদের এলোমেলো গাড়ি চালানোকে।
সরেজমিন: গতকাল সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে সারি সারি যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মহাসড়কে অন্য সময়ের চেয়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহনও বেশি চোখে পড়ে।
টাঙ্গাইলের শুভুল্যা, বাওয়ার কুমারজানী, দেওহাটা ও সোহাগপুর এলাকায় সড়কে চারটি বিকল ট্রাক দেখা যায়। নীলফামারী থেকে ঢাকায় আসার পথে দেওহাটায় বিকল হওয়া অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাকের চালক আলামিন মিয়া বলেন, সাত-আট টন পণ্য ধারণক্ষমতার এই ট্রাকে প্রায় ১৫ টন ভুট্টা ওঠানো হয়েছে।
মির্জাপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকেই যানবাহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার পর কালিয়াকৈর বাইপাস ও পুরোনো সড়কের মাথায় এলোমেলোভাবে যানবাহন চালানোর কারণে যানজটের সূত্রপাত হয়।
আরপি এলিগেন্স পরিবহনের চালকের সহকারী আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাত আটটায় তাঁরা চাঁপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানজটে আটকা পড়েন। ভোর পাঁচটার দিকে নারায়ণগঞ্জ পৌঁছার কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় মাত্র মির্জাপুরের দেওহাটা অতিক্রম করেন।