যানজটে বিপাকে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গতকাল দিনভর যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি গতকাল দুপুরে উপজেলার বিএমএ স্কুল গেট থেকে তোলা ষ প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গতকাল দিনভর যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি গতকাল দুপুরে উপজেলার বিএমএ স্কুল গেট থেকে তোলা ষ প্রথম আলো

১৮-দলীয় জোটের তিন দিনের টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল দীর্ঘ যানজট। কুমিল্লার চান্দিনা উপজেলার হাঁড়িখোলা পর্যন্ত সড়কে ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত দীর্ঘ প্রায় ২১ কিলোমিটার এলাকায় যানজট ছিল। চট্টগ্রামের মিরসরাই অংশে সারা দিন যানজট লেগে ছিল। জেএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হিমশিম খেতে হয়।
হাইওয়ে পুলিশ, যানবাহনের যাত্রী ও চালকেরা জানান, সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে এবং সেগুলো এলোপাতাড়ি চলাচলের কারণে ভোর পাঁচটা থেকে কুমিল্লা সেনানিবাস থেকে হাঁড়িখোলা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে নারী-শিশুসহ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
দাউদকান্দি উপজেলার বারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, সকাল ছয়টায় কুমিল্লা থেকে বাসে উঠে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে চার ঘণ্টা সময় লাগে। এতে যথাসময়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে খুব কষ্ট হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান বলেন, তিন দিন হরতালের কারণে একযোগে অনেক গাড়ি রাস্তায় নামে এবং সেগুলো কোনো শৃঙ্খলা না মানায় এই অবস্থার সৃষ্টি হয়। বেলা ১১টার আগেই যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে কুমিল্লার জরুরি বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিজাম উদ্দিন বলেন, তিন দিন হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনব্যাপী যানবাহনের বেশ চাপ ছিল। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ তৎপর ছিল।
এদিকে, মিরসরাইয়ে গতকাল সারা দিন যানজট লেগে ছিল। উপজেলার বারইয়ারহাট পৌর এলাকা, মিঠাছড়া, মিরসরাই সদর ও বড় দারোগারহাট এলাকায় যানজটের মাত্রা ছিল বেশি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে গাড়ির চাপ বাড়ায় এই যানজটের সৃষ্টি হয়। এতে জেএসসি পরীক্ষার্থীরা বেশি বিপাকে পড়ে। বেলা পৌনে ১১টায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক নুরুল আলমের সঙ্গে। তিনি হাদী ফকিরহাট এলাকা থেকে একজন পরীক্ষার্থী নিয়ে মহাজনহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলেন। ওই শিক্ষার্থী জোরারগঞ্জ জেবি উচ্চবিদ্যালয়ে পড়ে। নুরুল আলম জানান, অনেক কষ্টের পর ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে কেন্দ্রে পৌঁছতে পেরেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সার্জেন্ট মেহেদী হাসান বলেন, তিন দিনের টানা হরতালের কারণে রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেছে। তিনি বলেন, ‘বুধবার গভীর রাত থেকে যানজট নিরসনের কাজে লেগে আছি। তার পরও জট লেগে যায়।’