ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়ে কয়েক শ শিক্ষার্থী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
গতকাল শনিবার ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা একটা ৩৫ মিনিট পর্যন্ত ও ‘খ’ গ্রুপের পরীক্ষা বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের একাংশ তাঁদের পরীক্ষা নেওয়ার দাবিতে দুপুর পৌনে ১২টা থেকে বেলা দুইটা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান ধর্মঘট পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে ক্ষোভ আর হতাশা নিয়ে বিকেলে তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেন।
যানজটের কারণে ২৪৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ভর্তি কমিটির প্রধান ড. মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, এ বছর আটটি বিভাগের ৬৩০টি আসনের বিপরীতে প্রার্থী ছিল সাত হাজার ৭৯২ জন। ভর্তি পরীক্ষায় প্রায় ৬৮.৭ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি ছিল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে যথাসময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। যানজটের কথা বিবেচনা করে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর্যন্ত হলে শিক্ষার্থীদের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে।
ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিটের পর কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন না। তবে গত শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এ কারণে এ নিয়মকে শিথিল করে ভর্তি পরীক্ষা শুরুর পর থেকে এক ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর পরও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
পরীক্ষায় অংশ নিতে না পারা মো. নুরুজ্জামান নামে এক ছাত্র প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে শুক্রবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু যানজটের কারণে চট্টগ্রাম শহরে পৌঁছি পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর। চট্টগ্রাম শহর থেকে রাউজানে গিয়ে পরীক্ষায় অংশ নিতে পারব না জেনে আবার ফিরে যাচ্ছি।’
ছাত্রলীগের মিছিল ও পথসভা: বেলা দুইটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাস এলাকায় পথসভা ও মিছিল বের করেন চুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।