যানজটে ভোগান্তি জামালপুরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা শহরের প্রধান সড়কে প্রতিদিন যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছে ৫০ হাজার মানুষ। বাইবাস সড়ক না থাকায় এবং প্রধান সড়ক দিয়ে প্রচুরসংখ্যক ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করায় এ সমস্যা দেখা দিয়েছে। ২০ মিনিটের পথ অতিক্রম করতে প্রায় দেড় ঘণ্টা লেগে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত এই প্রধান সড়ক। এর দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। প্রতিদিন এই সড়ক দিয়ে শহরের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। পাশাপাশি এই সড়ক দিয়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলার মানুষও যাতায়াত করে। এ ছাড়া দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনও চলাচল করে। এসব কারণে সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, জামালপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কম্পপুর পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি একনেকে অনুমোদন করা হয়েছে। এখন প্রাক্কলন ও দরপত্র আহ্বানের ব্যাপারে কাজ করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই বাইপাস সড়কের কাজ শুরু করা হবে। কাজ শেষ হলে শহরের যানজট কমে যাবে।
শহরের বাসিন্দা ব্যবসায়ী মনজুরুল ইসলাম বলেন, প্রতিদিন ‘বিকাশে’ টাকা লোড করার জন্য শহরের জিগাতলা থেকে সকাল বাজারে যেতে হয়। আগে সকাল বাজারে যেতে সময় লাগত ১০ মিনিট; এখন লাগে এক ঘণ্টারও বেশি। একমাত্র সড়ক দিয়ে দক্ষিণ থেকে উত্তর অঞ্চলে যেতে তীব্র যানজটের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। যানবাহন ছাড়া হেঁটে গেলেও এত সময় লাগত না।
শহরের গেটপাড়া এলাকার বাসিন্দা নোমান আহমেদ বলেন, বাইপাস সড়ক না থাকায় ভারী যানবাহনগুলো প্রধান সড়ক ব্যবহার করছে। এ ছাড়া সড়কে নিয়ন্ত্রণহীনভাবে প্রচুর ইজিবাইক চলছে। এ কারণে সড়কে যানজট তীব্র আকার ধারণ করে।
জামালপুর পৌরসভা সূত্র জানায়, শহরে প্রায় পাঁচ হাজার ইজিবাইক চলাচল করে। যানজট নিরসনে শহরে চলাচলের জন্য দুই হাজার ইজিবাইককে লাইসেন্স দেওয়া হবে। এর মধ্যে এ বছর ৫৪৭টিকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাকিগুলো লাইসেন্স ছাড়াই চলছে।
জামালপুর ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধান সড়ক দিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা ও বিভিন্ন অফিস-আদালতের যানবাহন চলাচল করায় শহরের রেলগেটপাড়, শফি মিয়ার বাজার মোড়, দয়াময়ী মোড়, কথাকলি মার্কেটসংলগ্ন রাস্তা, তমালতলা মোড়, সকাল বাজার বড় মসজিদ মোড় ও আদালতের সামনের রাস্তায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়।
জামালপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আলী আহছানুজ্জামান বলেন, শহরে প্রায় পাঁচ হাজার ইজিবাইক চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে। এসব ইজিবাইকের লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
জামালপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনের জন্য ইজিবাইক নিয়ন্ত্রণে লাইসেন্স দেওয়ার কার্যক্রম চলমান। লাইসেন্স দেওয়ার কাজ শেষ হলে শহরে আর অবৈধভাবে ইজিবাইক চলাচল করতে পারবে না।
জামালপুর নগর উন্নয়ন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুর পৌরসভা এক রাস্তার শহর হিসেবে পরিচিত। এর মধ্যে বাড়তি সমস্যা সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন ইজিবাইক। একমাত্র সড়কে বাড়তি যানবাহনের চাপে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে।