যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ জট শুরু হয়। গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তা স্থায়ী হয়। এতে পণ্যবোঝাই ট্রাকও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
পুলিশ ও যানবাহনের চালকেরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তরাঞ্চলগামী ঘরমুখী মানুষ বেড়ে যায়। এ কারণে মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়ে যায়। রাত ১২টার পর শুভুল্যা ও ধেরুয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে যানবাহনের গতি কমে গিয়ে জট তৈরি হয়। মির্জাপুরের গোড়াইয়ের ক্যাডেট কলেজ এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় এ জট বিস্তৃত হয়। রাত সাড়ে চারটার দিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ বিকল ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়। গতকাল বেলা বাড়ার সঙ্গে যানজট কমতে শুরু করে। এরপরও সকাল ১০টা পর্যন্ত মির্জাপুরের কুর্ণী থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানবাহন থেমে থেমে চলেছে।
দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রাকচালক মোকছেদুল ইসলাম বলেন, গতকাল সকাল ছয়টায় তিনি মির্জাপুরের জামুর্কীতে যানজটে পড়েন। সেখান থেকে মির্জাপুরের বাইপাস স্টেশন এলাকা পর্যন্ত মাত্র ১০ মিনিটের রাস্তা তিনি প্রায় দেড় ঘণ্টায় পাড়ি দেন।
রাজশাহীগামী কাভার্ড ভ্যানের চালক শামসু চৌধুরী বলেন, তিনি ভোর পৌনে পাঁচটায় গাজীপুরের কালিয়াকৈরে যানজটে পড়েন। সেখান থেকে ঠেলতে ঠেলতে ২৫ মিনিটের রাস্তা তিন ঘণ্টায় পাড়ি দিয়ে মির্জাপুর বাইপাস স্টেশন এলাকায় পৌঁছান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, যানবাহনের চাপ বেশি থাকায় যান চালাতে কিছুটা সমস্যা হয়। তবে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হয়।