যানজটে যাত্রীদের দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগর সড়কে যানজটে পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল রোববার রাতে যানজটের সূত্রপাত হয়। আজ সোমবার সকালেও যানজট দেখা যায়।
পুলিশ, যাত্রী ও চালকদের ভাষ্য, গতকাল সন্ধ্যার পর হঠাৎ যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে যানবাহনের গতি কমে যায়। একপর্যায়ে যানজট সৃষ্টি হয়। মধ্যরাতে গাজীপুরের চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত কালিয়াকৈর-নবীনগর সড়কে যানজট ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা বেশ দুর্ভোগ পোহান।
হাইওয়ে পুলিশ বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করেছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, আজ সকাল থেকে যানবাহনের গতি স্বাভাবিক হচ্ছে।