যানজটে স্থবির জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ‍—এসব কারণে গতকাল তীব্র যানজটের নাগপাশে আবদ্ধ ছিল রাজধানী। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। ছবিটি ফার্মগেট এলাকার l প্রথম আলো
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ‍—এসব কারণে গতকাল তীব্র যানজটের নাগপাশে আবদ্ধ ছিল রাজধানী। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। ছবিটি ফার্মগেট এলাকার l প্রথম আলো

‘পৌনে দুইটায় মিরপুর ১১ নম্বরের পূরবী থেকে বাসে উঠেছি। ১০ নম্বরেই বসে ছিলাম আধঘণ্টা। ফার্মগেট আসতে দেড় ঘণ্টার বেশি লেগেছে। শাহবাগ পৌঁছতে হয়তো আরও ঘণ্টা খানিক লাগবে। তাই নেমে যাচ্ছি, হেঁটে যাব। ক্লাস শুরু হয়ে গেছে, শেষ হওয়ার আগেও যদি ঢুকতে পারি।’
কথা শেষ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান ইমাম ফার্মগেটে থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ধরে হাঁটা শুরু করলেন। বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মিরপুর রোড, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউসহ গতকাল সোমবার শহরের প্রায় সব সড়কেই ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে ছিল। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

তীব্র যানজটের কারণে পথে ভিড়। জানালা দিয়ে অনেককেই গাড়িতে উঠতে দেখা যায়। ফার্মগেটের দৃশ্য l প্রথম আলো
তীব্র যানজটের কারণে পথে ভিড়। জানালা দিয়ে অনেককেই গাড়িতে উঠতে দেখা যায়। ফার্মগেটের দৃশ্য l প্রথম আলো

বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রায় সব প্রধান সড়কেই মাইলের পর মাইলজুড়ে গাড়ি দাঁড়িয়ে আছে। অনেকে অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে নেমে গন্তব্যের দিকে হাঁটা ধরেছেন। যাঁরা একটু বেশি দূরের যাত্রী, তাঁরা বাধ্য হয়েই গণপরিবহনগুলোয় বিরস মুখে বসে আছেন। এদিকে অতিরিক্ত গরম। স্থবির হয়ে থাকা গাড়িতে বসে সবাই ঘামছেন। কেউ কেউ হাতপাখা দিয়ে বাতাস করছেন। যানজটের কারণে ফুটপাতেও পথচারীদের ভিড় বাড়ে। সার ধরে লোকেরা হাঁটছেন। গরম আর লোকজনের ঠেলাঠেলিতে পথেই কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুপুরে হঠাৎ দুই দফা বৃষ্টি হওয়ায় সমস্যা বেড়ে যায়। ফুটপাত কাদা-পানিতে সয়লাব। সব থেকে বেশি সমস্যায় পড়েন শিক্ষার্থী, চাকরিজীবী, শিশু-কিশোর, বয়স্ক ও অসুস্থ লোকেরা।
জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ১০ ঘণ্টা ঢাকা সফরকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়। তাঁর গাড়িবহর দিনের বিভিন্ন সময়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে চলাচল করায় যানজট দীর্ঘ হয়। পাশাপাশি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
দুপুরে এলিফ্যান্ট রোডে রঞ্জনা বিশ্বাস তিন বছরের মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন। তিনি বলেন, ‘বাসে বসে ছিলাম আধঘণ্টার ওপর। গরমে মেয়ে কাঁদছে। তাই বাধ্য হয়ে নেমে পড়েছি।’
নতুন ঢাকায় উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী, কাকলী, বনানী, এয়ারপোর্ট, আজমপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর, তেজগাঁও, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায়ও ছিল তীব্র যানজট। এ ছাড়া কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মৎস্য ভবন, সেগুনবাগিচা, বিজয়নগর, পল্টন, তোপখানা রোড, দোয়েল চত্বর, শাহবাগ, পুরান ঢাকার গুলিস্তান, মতিঝিল, যাত্রাবাড়ী, বাবুবাজার, নবাবপুর, সদরঘাট, জিরো পয়েন্টসহ প্রায় সব এলাকায় দীর্ঘ যানজট চোখে পড়ে। প্রধান সড়ক ছাড়িয়ে এ যানজটের প্রভাব পড়ে পার্শ্ববর্তী সব এলাকার সংযোগ সড়কগুলোয়। গন্তব্যে পৌঁছাতে সবারই ধরাবাঁধা সময়ের দ্বিগুণ সময় লাগে। রাত আটটার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কিছু এলাকায় গন্তব্যমুখী গাড়ির সমস্যা দেখা যায়। অনেক গণপরিবহন তখন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে।
যানজটের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দীন আহমেদ বলেন, ‘যানজট ছিল। তবে রাত আটটার পর আমার এলাকার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। অন্য তিন অঞ্চলের অবস্থা সম্পর্কে বলতে পারব না।’