যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চরম দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। পুলিশ ও যাত্রীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় একটি ট্রাক রাস্তার ওপর উল্টে যায়। রাসায়নিক দ্রব্যবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া ওই ট্রাক ও মালামাল সরিয়ে নেয়। কিন্তু ততক্ষণে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। ঢাকাগামী একটি বাসের যাত্রী ঠাকুরগাঁওয়ের আবুল হোসেন প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় স্ত্রী, দুই মেয়েসহ সাতজনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত তিনটার দিকে কুমিল্লা পৌঁছার পর যানজটে আটকা পড়েন। গতকাল দুইটার দিকে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে দাউদকান্দির জিংলাতলীতে পৌঁছান।যানজটে নাকাল একাধিক দূরপাল্লার বাসযাত্রী বলেন, আটকে থেকে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় কনকনে ঠান্ডায় সারা রাত বাসে ছিলেন। তাঁদের দুর্ভোগের আর সীমা নেই। পেটে নেই আহার।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, মহাসড়কে এলোপাতাড়ি যানবাহন থামিয়ে রাখায় এই তীব্র জটের সৃষ্টি হয়। যানজটের খবর পেয়ে গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সড়কপথে দাউদকান্দি আসেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মানুষ ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাবে, আর আমরা আরাম-আয়াশে থাকব, এটা হয় না।’