যানজটে স্থবির বগুড়া শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর গতকাল সোমবার যানজটে স্থবির হয়ে পড়ে। এতে ঈদে ঘরে ফেরা মানুষ দুর্ভোগের শিকার হয়। ট্রাফিক পুলিশের গাফিলতির কারণেই এমন দুর্ভোগ বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।তবে ট্রাফিকের পরিদর্শক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঈদের কারণে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁরা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঈদের অনেক আগ থেকেই শহরে যানজট কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা যায়নি। রাস্তার পাশে কার, মাইক্রোবাস, মোটরসাইকেল পার্ক না করার জন্য মাইকিং করা হয়েছে। কিন্তু এসব নিয়মকানুন কেউ মানছে না। এ কারণে শহরের যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শহরের ব্যবসায়ীদের অভিযোগ, কোটি টাকার দোকান ভেঙে রাস্তা সম্প্রসারণ করা হলেও সেই রাস্তা এখন প্রাইভেট কার, মাইক্রোবাস আর মোটরসাইকেলের দখলে। আবার অনেক এলাকায় রাস্তা দখল করে ইট-বালু-খোয়াসহ নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে।এ ছাড়া অনুমোদনবিহীন হাজার হাজার রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যানজটকে আরও অসহনীয় করে তুলেছে। পাশাপাশি রয়েছে ঘন ঘন রেলগেট বন্ধ হওয়া। এ ছাড়া দিনের বেলায় শহরের বিভিন্ন এলাকায় মালবাহী ট্রাক প্রবেশ করাও বন্ধ করা যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন বিপুলসংখ্যক পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় আশপাশের জেলার মানুষ এখন বগুড়া শহরে ভিড় করছে। তারা ঈদের কেনাকাটা করতে আসছে। সঙ্গে কর্মের সংস্থানে এসেছেন রিকশাসহ বিভিন্ন যানের শ্রমিক। অবৈধ রিকশা শহরে চলাচল করছে।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, অবৈধ রিকশা বন্ধের জন্য অভিযান শুরু করা হলে নানা চাপ আসে। অনেকে ঈদের কথা বিবেচনা করে বন্ধ রাখতে বলে। মানবিক কারণে এসব এড়িয়ে যেতে হয়। বগুড়ার ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) বেলায়েত আলী জানান, যানজট নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হচ্ছে।