
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত যানজটের কারণে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক চার লেনের হলেও কাঁচপুর, মেঘনা ও গোমতী—এই তিন বড় সেতু দুই লেনের। এ কারণে গাড়ি পারাপারে সময় লাগছে। তিন সেতুরই নির্মাণকাজ শুরু করা হয়েছে। সেতুগুলো নির্মিত হলে মহাসড়কের ওই এলাকায় আর যানজট থাকবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলের অবস্থা সরেজমিন দেখতে গিয়ে চট্টগ্রাম সিটি গেট এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করাও একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমরা সচেতন না হলে সড়ক চার বা ছয় লেন করেও কোনো লাভ নেই। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।’ মন্ত্রী বলেন, মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলও একটি বড় সমস্যা ছিল। সেটা দূর করা সম্ভব হয়েছে। উল্টোপথে গাড়ি চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরে গণপরিবহনে বিশৃঙ্খলা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেবল ফ্লাইওভার (উড়ালসড়ক) নির্মাণ করে যানজট নিরসন সম্ভব নয়। ফ্লাইওভার না করেও রাস্তা সংস্কার এবং চওড়া করে যানজট নিয়ন্ত্রণে রাখা যায়। চট্টগ্রাম নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিবর্তে মনোরেল বা মেট্রোরেল করা হলে অনেক কম জায়গা নষ্ট হবে বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। চট্টগ্রাম নগরে গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দূর করতে ১৬ সেপ্টেম্বর সমম্বয় বৈঠক করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরে মিটার ছাড়া কোনো অটোরিকশা চলতে পারবে না। গাড়ির মিটার নষ্ট থাকলে মামলা হবে।
ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের ব্যাপারে নৌবাহিনীর প্রধান, বন্দর চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসবেন। তখন এই টানেল নির্মাণকাজের উদ্বোধন করা হবে।