যানজটের কারণ মহাসড়কের উন্নয়নকাজ অসম্পূর্ণ থাকা
ঢাকার সঙ্গে যুক্ত সারা দেশের মহাসড়কগুলোর উন্নয়নকাজ অসম্পূর্ণ থাকায় যানজট তৈরি হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো মহাসড়ক চার লেনে উন্নীত হলেও এগুলোতে ছোট যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা নেই। তাই গণপরিবহনের যাত্রীরা দ্রুত ও নিরাপদে যাতায়াতের সুফল পাচ্ছে না।
আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, দেশের প্রায় ২৪ জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে, চার লেনের কাজ শেষ না হওয়ায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে এবং রাস্তার বিভিন্ন অংশে গর্ত সৃষ্টি হয়েছে। এসব কারণে ঈদের আগে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দৌলতদিয়া অংশে চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট ভেঙে যাওয়ায় এ পথে ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।
মোজাম্মেল হক আরও বলেন, ঈদে যানবাহন সংকটকে অপব্যবহার করে ফিটনেসবিহীন যানবাহনগুলো দূরপাল্লার যাত্রী বহন করে। এতে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এসব যানবাহন বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠোর পদক্ষেপ নিতে হবে।
গণপরিবহন বিশেষজ্ঞ ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল হক বলেন, সড়ক দুর্ঘটনা ও অনিয়ম ঘটার কারণ হলো কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এ বিষয়ে বিআরটিএ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ঈদে নাগরিকদের নিরাপদে ঘরে ফেরার বিষয়টি দেখভালের জন্য কোনো মনিটরিং নেই। যেসব প্রতিষ্ঠান সড়কগুলো তৈরি করে, তাদের সঙ্গে চুক্তির মধ্যেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সড়কগুলো ঠিক রাখার দায়িত্বও তাদের থাকতে হবে। তারা সেসব কাজ ঠিকমতো করছে কি না, তা মনিটরিং দরকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সহজে জনপ্রিয়তা অর্জনের জন্য ঈদের আগে কিছু স্বল্পমেয়াদি কাজ করে। কিন্তু সড়কে নিরাপদে চলাচলের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করতে হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশব্যাপী লোকাল সার্ভিসের বাসগুলো সরাসরি সার্ভিসে পরিণত হয়। এগুলো কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় করে। পরিবহন খাতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নৈরাজ্য বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার প্রমুখ।