
নীলক্ষেতে সারা দিন থেমে থেমে যানজট লেগেই থাকে। কর্তব্যরত সার্জেন্টরা বলছেন, নীলক্ষেতের চারদিকে শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট থাকায় গাড়ির চাপ বেশি। নিষেধ সত্ত্বেও মূল সড়কে অসংখ্য রিকশা চলছে। তাই এই দুর্বিষহ অবস্থা।
চৌরাস্তার মোড় নীলক্ষেত। সকাল থেকে রাত পর্যন্ত সদা ব্যস্ত রাজধানীর এই মোড়টি। নীলক্ষেতের পূর্ব দিকে দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। দক্ষিণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজিমপুরের দিকে এগোলে ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ। এ ছাড়া আছে ভিকারুননিসা স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এদের সময়সূচি অনেকটা কাছাকাছি।
কর্তব্যরত সার্জেন্ট আল-ইমরান বলেন, সকাল আটটার পর থেকে রাত নয়টা পর্যন্ত এ সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী মানুষ এই মোড়টি ব্যবহার করে থাকেন। একটি সিগন্যাল দুই মিনিট ধরে রাখলেই পেছনে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।
ইডেন কলেজের শিক্ষার্থী নিপা আহসান মিরপুর থেকে কলেজে আসেন। তিনি বলেন, ‘সারা রাস্তাতেই তো জ্যাম থাকে। যখন কলেজের সামনে এসে আটকে থাকি, মেজাজ খারাপ হয়ে যায়। ক্লাসে ঢুকতেও অনেক সময় দেরি হয়।’ যানজট থাকলে নিপা নীলক্ষেত মোড়ে বাস থেকে নেমে হাঁটা শুরু করেন।
নিউমার্কেট মধ্যবিত্তের অন্যতম বড় মার্কেট। সঙ্গেই আছে গাউছিয়া, চাঁদনী চক। এই মার্কেটগুলো মিরপুর সড়কে নীলক্ষেত মোড় থেকে উত্তর দিকে। এ ছাড়া এ এলাকায় আছে বইয়ের বাজার ও তুলার বাজার। শুধু মঙ্গলবার বাদে প্রতিদিন মার্কেটগুলো খোলা থাকে। কেনাকাটা করতে আসা লোকের ভিড় সব সময়ই থাকে। মার্কেটগুলোর ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষ হাঁটছে মূল সড়কের ওপর দিয়ে। এর সঙ্গে সড়কের ওপর অবৈধ পার্কিং তো আছেই।
মিরপুর সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ। কিন্তু গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, মিরপুর সড়কে অবাধে রিকশা চলছে। নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সড়কটিতে রিকশাজট সবচেয়ে বেশি। সড়কের দুপাশেই অসংখ্য রিকশা চলে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক সার্জেন্ট বলেন, ‘আজকে এক গার্ডিয়ান রিকশা নিয়ে পার হবেন, ছেড়ে না দিলে তাঁর বাচ্চা সময়মতো পরীক্ষা দিতে পারবে না। এ রকম অনুরোধ থাকে, তখন মানবিক বিবেচনা করতে হয়।’ এ ছাড়া তিনি বললেন, আশপাশের সড়কে অনেক রিকশা চলে। চাপ বেড়ে গেলে তখন রিকশাগুলো তাঁরা ছেড়ে দেন।
গত সোমবার দুপুরে এ সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাস দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে। তখন শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
মিরপুর সড়কে চলাচলকারী বাসগুলোকে দেখা যায়, নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়াও যেখানে-সেখানে যাত্রী তুলছে। এ সময় পেছনের যানগুলো আটকে থাকে।
ঢাকা ট্রাফিক দক্ষিণ বিভাগ নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. আনিস উদ্দিন বলেন, ‘রাস্তার চেয়ে গাড়ি বেশি। মার্কেট এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এ এলাকায়। এর সঙ্গে রাস্তায় গাড়িও চলছে, মানুষও হাঁটছে। ফলে গাড়িগুলোর গতি মন্থর হয়ে যাচ্ছে।’ তিনি এ জন্য সবাইকে আন্তরিক ও সচেতন হওয়ার কথা বলেন।