ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে। অনেক পরীক্ষার্থীরও কেন্দ্রে যেতে দেরি হয়েছে। এ কারণে চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষ গতকাল শুক্রবার দুটি কেন্দ্রের পরীক্ষা শুরুর সময় ১৫ মিনিট পিছিয়েছে। নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র নেওয়া হয়।
চট্টগ্রামের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এবং বিজয় সরণি কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়। গতকাল ছিল হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এর আগে ৯ মে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘ওই দুটি কলেজের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ আমাকে ফোনে জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাট থেকে সীতাকুণ্ড পর্যন্ত এলাকায় যানজটের কারণে তাঁরা নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমনকি একই সমস্যার কারণে দূর-দূরান্তের পরীক্ষার্থীরাও সবাই পরীক্ষাকেন্দ্রে আসতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে আমরা শুধু দুটি কেন্দ্রেই পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করে সেই হিসাবেই শেষ করার নির্দেশনা দিয়েছি।’
বোর্ড সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টা থেকে তিন ঘণ্টার পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এবং বিজয় সরণি কলেজ কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে প্রশ্নপত্র নিয়ে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ সময় পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিল নগণ্য। তাঁরা পুরো বিষয়টি মুঠোফোনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানালে তিনি এ ব্যাপারে নির্দেশনা দেন। মোস্তফা হাকিম কলেজ চট্টগ্রামের সিটি গেট এলাকায় এবং বিজয় সরণি কলেজ ভাটিয়ারী এলাকায় অবস্থিত। বিজয় সরণি কলেজ, পাহাড়তলী কলেজ এবং দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল মোস্তফা হাকিম কলেজ। অপরদিকে, মোস্তফা হাকিম কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং কুমিরা লতিফা সিদ্দিকা কলেজের পরীক্ষাকেন্দ্র ছিল বিজয় সরণি কলেজ।