যানজটের জন্য দায়ী প্রাইভেট কার: পবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কারের সংখ্যা বাড়ায় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। গণপরিবহনের অপ্রতুলতা ও অব্যবস্থাপনায় উড়ালসড়ক নির্মাণ করলেও যানজট কমবে না। উল্টো মানুষের দুর্ভোগ বাড়বে। যাতায়াতের বর্তমান দুর্ভোগ ও পরিবহনব্যবস্থার আসন্ন বিপর্যয় রোধে অনতিবিলম্বে সমন্বিত গণপরিবহনব্যবস্থা প্রয়োজন।
‘প্রাইভেট কারকেন্দ্রিকতা: যাতায়াতের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় গতকাল সোমবার বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডব্লিউবিবি ট্রাস্ট। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্টের জাতীয় পরামর্শক কর্মকর্তা মারুফ রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সরোয়ার জাহান বলেন, উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যাতায়াতব্যবস্থার সংকট আরও বাড়াবে। যানজট নিরসনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ এবং অন্যান্য ছোট ও মাঝারি শহরের উন্নয়ন ঘটিয়ে ঢাকার ওপর চাপ কমাতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, প্রাইভেট কারকেন্দ্রিক নীতি ও পরিকল্পনার কারণে যানজট ক্রমশ বাড়ছে। ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রাইভেট কার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলেও আমাদের দেশে ঘটছে উল্টো ঘটনা।’
পবার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান বলেন, ‘একই পরিবারের একাধিক গাড়ির ক্ষেত্রে উচ্চ করারোপ করা প্রয়োজন। প্রাইভেট কারের ক্ষেত্রে সিএনজি-সুবিধা প্রত্যাহার করা দরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী আবদুল হাই মজুমদার প্রমুখ।