যানজটের শহর চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের উড়ালসড়কের নিচে রাস্তার কাজ চলার কারণে যানজটের নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম।
গত শনিবার সন্ধ্যা থেকে নগরের বহদ্দারহাট দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ফলে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের ছোট গাড়িগুলো কোতোয়ালি মোড় দিয়ে চলাচল করছে। আর বড় গাড়িগুলো চলাচল করছে কালুরঘাট সেতু দিয়ে। গতকাল রোববার সকাল থেকেই নগরের বিস্তীর্ণ এলাকজুড়ে যানজট লেগেছিল। এতে অফিসগামী মানুষ দুর্ভোগের শিকার হন।
সিডিএ সূত্র জানায়, ১১ অক্টোবর রাত ১১টা পর্যন্ত বহদ্দারহাট দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী চলতি মাসেই বহদ্দারহাট উড়ালসড়কের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। তাই বহদ্দারহাটের জংশনের এক কিলোমিটার এবং চান্দগাঁও থানা ভবনের সামনে থেকে রাহাত্তারপুল পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী আসার আগেই এই দুটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হয়।
নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘বহদ্দারহাটের উড়ালসড়কের নিচে রাস্তা মেরামতের কাজ চলছে। এ কারণে নগরের বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়েছে। এতে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হচ্ছে। আর ১১ অক্টোবর পর্যন্ত যানজট কমার কোনো সম্ভাবনা নেই।’
বহদ্দারহাটে রাস্তা বন্ধের প্রভাব পড়েছে নগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। এ কারণে গতকাল সকাল থেকে নগরের কোতোয়ালি মোড়, নিউমার্কেট, স্টেশন সড়ক, লাভ লেইন, মোমিন রোড, জুবিলি রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, সিরাজউদ্দৌলা সড়ক, চকবাজার, মেডিকেল সড়ক, প্রবর্ত্তক মোড়, জিইসি মোড়, সিডিএ সড়ক, ষোলশহর, বায়েজিদ সড়ক, অক্সিজেন মোড়সহ নগরের বিভিন্ন এলাকায় গাড়ি চলাচল করেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গতকালের যানজটে স্থবির হয়ে পড়ে নগর জীবন। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়। ১০ মিনিটের পথ পাড়ি দিতে গতকাল অনেকের আধা ঘণ্টার বেশি সময় লেগেছে। এই সুযোগে গতকাল থেকে রিকশা ভাড়াও বেড়েছে।