যানজটের শহরে দেড় হাজার অবৈধ টমটম
কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে হাশেমিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে অন্তত দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশা টমটম চলাচল করছে। এর মধ্যে দেড় হাজার টমটমই কক্সবাজার পৌর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নেয়নি। ব্যাটারিচালিত এসব টমটম চার্জের জন্য শহরের অলিগলিসহ অনেক বাসাবাড়িতে গ্যারেজ খোলা হয়েছে। ফলে বাসাবাড়িতে লোডশেডিং বেড়ে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, টমটমের কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। বিভিন্ন এলাকায় রাতের বেলায় একই সঙ্গে ১০-১৫টি টমটমের ব্যাটারি চার্জ দেওয়ার ফলে ঘন ঘন ট্রান্সফরমার বিকল হয়ে যাচ্ছে। একাধিকবার অভিযান চালিয়ে ৫০টির বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গ্যারেজ মালিকের বিরুদ্ধে মামলা ও ১০-১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, শহরের প্রধান সড়কে দেড় হাজার টমটম চলাচল করছে অবৈধভাবে। এছাড়া অবৈধভাবে চলাচল করছে ১২ হাজার রিকশা। বিভিন্ন সময় অভিযান চালিয়ে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খবর রয়েছে, ঈদের পরে আরও এক হাজার টমটম শহরে নামানো হচ্ছে। এতে শহরের যানজট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন কাউন্সিলর জানান, সড়কের দুই পাশে, অলিগলিতে এবং বাসাবাড়িতে গ্যারেজ খুলে দুই হাজারের বেশি টমটমের ব্যাটারি চার্জ করা হয়। গ্যারেজ মালিকেরা প্রতিটি ব্যাটারি চার্জ করে দেওয়ার বিপরীতে ২০ থেকে ৪০ টাকা করে নিচ্ছেন। বেশির ভাগ গ্যারেজে রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। কেউ কেউ আবাসিক মিটার থেকে লাইন নিয়ে (তার টেনে) ব্যাটারি চার্জের ব্যবসা চালাচ্ছেন। ফলে শহরের লোডশেডিংও বেড়ে গেছে। বাসাবাড়ির জন্য সরবরাহ করা বিদ্যুৎ টমটম গিলে খাওয়াতে লোকজনের দুর্ভোগ বাড়ছে।কক্সবাজার টমটম মালিক সমিতির সভাপতি শফিউল্লাহ আনসারী বলেন, ‘বৈধভাবে টমটম চালানোর জন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে লাইসেন্সের জন্য আবেদন করি। কিন্তু অতিরিক্ত অর্থ দাবি করে লাইসেন্স প্রদান করেন না। অন্যদিকে গ্যারেজে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্যও আবেদন করা হচ্ছে। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন করে সংযোগ দিচ্ছে না। ফলে অবৈধভাবেই টমটম চলাচল এবং ব্যাটারি চার্জ দিতে হচ্ছে।’কক্সবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জাকারিয়া জানান, অবৈধ গাড়ির তালিকা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে। এর পরও পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ গাড়ি আটক করছে। এ ব্যাপারে মামলা দিয়ে জরিমানাও আদায় করা হচ্ছে।