যানবাহন ও বসতবাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১
ঢাকা-গালিমপুর-দোহার সড়কের নিকড়া সেতু এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতেরা দুটি নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) রেখে অন্তত পাঁচটি যানবাহনে লুটপাট করেছে। ওই সড়কের পশ্চিম পাশে দোহার থানা, পূর্ব পাশে নবাবগঞ্জ থানা। সীমানা নিয়ে টানাটানির কারণে উভয় থানার পুলিশই ঘটনাটি তাদের এলাকায় ঘটেনি বলে দাবি করছে।
এদিকে গতকাল শনিবার ভোর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক স্কুলশিক্ষিকার বাসা থেকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। পালানোর সময় জাকির হোসেন নামের এক পথচারী ডাকাতদের দেখে চিৎকার করেন। এ সময় ডাকাতেরা গুলি ছুড়লে জাকির গুলিবিদ্ধ হন।
ডাকাতির শিকার এক বাসযাত্রী জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে জয়পাড়া পরিবহনের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে ছেড়ে আসে। রাত নয়টার দিকে ঢাকা-গালিমপুর-দোহার সড়কের নিকড়া সেতু এলাকায় এলে ওত পেতে থাকা একদল ডাকাত রাস্তায় দুটি নছিমন রেখে অবরোধ সৃষ্টি করে। চালক বিষয়টি বুঝতে পেরে বাতি বন্ধ করে দরজা আটকে দেয়। ডাকাতেরা বাসের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের কাছে থাকা টাকা ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ছিটকে পড়া কাচের টুকরোর আঘাতে অন্তত পাঁচ যাত্রী আহত হন।
দোহার থানার ওসি কামরুল ইসলাম ও নবাবগঞ্জের ওসি সায়েদুর রহমান ডাকাতির ঘটনাগুলো নিশ্চিত করলেও তাঁদের থানা এলাকায় ঘটেনি বলে দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে চার-পাঁচজনের একদল ডাকাত বন্দর উপজেলার জামাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ বেগমের শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের বাসায় হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে মমতাজ বেগমকে পিটিয়ে আহত করে এবং ২৩ হাজার টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতদের দেখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী উৎসব পরিবহনের বাসচালক জাকির হোসেন চিৎকার করেন। এ সময় ডাকাতেরা জাকিরকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। একটি গুলি জাকির হোসেনের বাঁ হাতে বিদ্ধ হয়। বন্দর থানার ওসি আক্তারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
টঙ্গীতে ডাকাতি: আমাদের টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর মুদাফা এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এক বাড়ির মালিক ও তাঁর এক ভাড়াটের দুটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ফ্ল্যাটের বাসিন্দাদের হাত-পা ও মুখ বেঁধে অস্ত্র দেখিয়ে জিমিঞ্চ করে তিন লাখ ১০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট করে। বাধা দিলে ডাকাতেরা ভাড়াটে মো. সোহেলকে কুপিয়ে জখম করে।