রোয়াংছড়ি উপজেলার বিধ্বস্ত আমতলি-লিরাগঁই সড়কটি অবিলম্বে সংস্কার করা না হলে যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে সমগ্র আলেক্ষ্যং ইউনিয়নের মানুষ মারাত্মক সংকটে পড়বে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা বলেন, ১৯৯৭-৯৮ সালে তাঁদের নির্মিত সাত কিলোমিটারের এ সড়কটি প্রায় যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় তাঁরা ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে রয়েছেন। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কের এ রকম বেহাল হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কের সঙ্গে সংযোগস্থল আমতলি থেকে লিরাগঁই বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিপজ্জনক অবস্থায় চাঁন্দের গাড়িগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। তুলাতলি এলাকায় তারাছা খালের ভাঙনে যেকোনো সময় সড়কটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সড়ক ভাঙনের জরিপকারী এলজিইডির কার্যসহকারী নাসির উদ্দিন বলেন, রক্ষণাবেক্ষণ খাত থেকে বরাদ্দ না পাওয়ায় কয়েক বছর ধরে সড়কটি সংস্কার হয়নি। এ জন্য নালা, কালভার্টগুলো অকেজো হয়ে পানি গড়িয়ে পড়ায় সড়কের বেশি ক্ষতি হয়েছে।
আলেক্ষ্যং ইউনিয়নের লিরাগঁই পাড়ার ইউপি সদস্য মংচউ মারমা বলেন, কয়েকবার মুষলধারে বৃষ্টি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ইউনিয়নবাসী মারাত্মক সংকটে পড়বে। উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে না পারলে তাদের আর্থিক অবস্থাও ভেঙে পড়বে।
সড়কের চাঁন্দের গাড়িচালক মংওয়েচিং মারমা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা গাড়ি চালাচ্ছেন। একবার-দুইবার যাতায়াত করলে গাড়ির যন্ত্রপাতি অচল হয়ে পড়ছে।
আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাত কিলোমিটার সড়ক সংস্কারের আর্থিক বরাদ্দ না পেয়ে একটি ইউনিয়নের লাইফ লাইন বন্ধ হয়ে যাবে—এটি কাউকে বিশ্বাস করানো যাবে না। যানবাহন চলাচল বন্ধ হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতে না পারলে মানুষের না খেয়ে মরার অবস্থা হবে।
এলজিইডির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী দিবাকর রায় বলেন, লিরাগঁই সড়ক সংস্কারের প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবার বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।