যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নোয়াখালী-ফেনী মহাসড়ক ও কুমিল্লা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে সঠিক কোনো তথ্যও নেই। ফলে বাঁকগুলোতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যায়।সরেজমিনে নোয়াখালী-ফেনী মহাসড়কের ভূঁইয়ারদীঘি ও আশপাশের এলাকা, ছমিরমুন্সীরহাট বাজারের পশ্চিমে খন্দকার ব্রিকসসংলগ্ন এলাকা, জমিদারহাট জনপ্রিয় রাইসমিলসংলগ্ন এলাকা এবং কুমিল্লা সড়কের নোয়াখালী অংশের সোনাইমুড়ীর আমিন সিএনজি ও সোনাইমুড়ী বাইপাস এলাকা ঘুরে দেখা যায়, এসব স্থানের বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যার কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়।এর মধ্যে সবচেয়ে নোয়াখালী-ফেনী মহাসড়কে সেনবাগের ভুূঁইয়ারদীঘি, নোয়াখালী-কুমিল্লা সড়কে সোনাইমুড়ীর আমিন সিএনজি এবং সোনাইমুড়ীর বাইপাসের বাঁকটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এ বাঁক দুটি দিয়ে এক দিক থেকে আসা যানবাহন অন্যদিক থেকে মোটেই দেখা যায় না। ভূঁইয়ারদীঘি বাজারের ব্যবসায়ী আবু নাছের প্রথম আলোকে বলেন, ওই বাঁকটি অনেক আগ থেকেই ঝুঁকিপূর্ণ। কিন্তু স্থানটিতে সড়ক প্রশস্ত কিংবা বাঁক সোজা করার কোনো পদক্ষেপ কখনো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতে দেখা যায়নি।নোয়াখালী-ফেনী সড়ক হয়ে চট্টগ্রামে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীবাহী বাসের চালক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ভূঁইয়ারদীঘির বাঁকটির দুই দিকে রাস্তা অনেকটাই সোজা। স্বাভাবিক গতিতে গাড়ি নিয়ে এলেও হঠাৎগতি কমাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়তে হয়।অটোরিকশা চালক মো. ইব্রাহিম বলেন, কুমিল্লা-নোয়াখালী সড়কের আমিন সিএনজির কাছে বাঁক দিয়ে চলাচলের সময় দুই দিকের কোনো যানবাহন দেখা যায় না। এর ফলে জীবনের ঝুঁকি নিয়েই বাঁকটি অতিক্রম করতে হয়। সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক দুটির বাঁকের বিষয়ে সওজ কার্যালয়ে কোনো তথ্যই নেই। এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যও বিষয়টি স্বীকার করেন।