যানবাহন চলাচলে নৈরাজ্য যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা রুমা বললেন, রাস্তায় কারও কোনো নিয়ন্ত্রণ নেই। ট্রাফিক পুলিশও নেই। শহরে এখন চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। ৫ নভেম্বর রেলগেটে সালমা রুমার সঙ্গে কথা হয়। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য অনেক আগেই তাঁরা বাড়ি থেকে বের হন।

গন্তব্যে পৌঁছানোর এই অনিশ্চয়তা, দুর্ভোগ কেবল সালমার একার নয়, নারায়ণগঞ্জ শহরবাসীর নিত্যদিনের। দুর্বিষহ যানজট এখন নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা। শীতলক্ষ্যার পাড়ের বহু পুরোনো এই ছোট শহরটির বাণিজ্যিক গুরুত্ব বেড়েছে, লোকবসতি, যানবাহনের সংখ্যা সবই বেড়েছে। কিন্তু সেই তুলনায় রাস্তাঘাট বাড়েনি। অধিকাংশ সড়কই পুরোনো আমলের। অপ্রশস্ত। ফুটপাত নেই। এসব সড়কের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে অজস্র দোকান, ছোট-বড় মার্কেট, অফিস ইত্যাদি। আর প্রতিটি সড়কের কিনারা দিয়ে হকারদের টানা পসরা। ফলে সংকীর্ণ হয়ে আসা সড়কের মধ্য দিয়েই চলতে হচ্ছে। আবার সেই সংকীর্ণ পথেই উভয়মুখী যাতায়াত করছে শত শত রিকশা, বাইসাইকেল, মোটরবাইক, অটোরিকশা, লেগুনা, ব্যক্তিগত গাড়ি, মালবাহী পিকআপ ভ্যান, ঠেলাগাড়ি আর বড় বড় যাত্রীবাহী বাস। ফলে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঘিঞ্জি, মন্থর হয়ে থাকে শহরটি। ৫ মিনিটের দূরত্ব যেতে আধা ঘণ্টা লেগে যায়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচলের ক্ষেত্রে নারায়ণগঞ্জে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো শৃঙ্খলা নেই। বিআরটিএর অনুমোদন ছাড়াই লেগুনা চলছে। মেট্রো মোড় দখল করে থাকছে বড় বড় বাসের সারি। শহরের ভেতর দিয়ে যাচ্ছে যাত্রীবাহী বাসগুলো। স্থানীয় জনপ্রতিনিধিরাও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা যদি জনদুর্ভোগের কথা বিবেচনা না করেন, তা হলে এই সমস্যা কী করে সমাধান হবে?

ঢাকা-নারায়ণগঞ্জ পথের নয়টি পরিবহন কোম্পানির পাঁচ শতাধিক বাস প্রতিদিন শহরের ভেতর দিয়ে যাওয়া-আসা করে। এই বাসগুলো ঢাকা থেকে আসার সময় চাষাঢ়া মোড় হয়ে মেট্রো সিনেমার সামনে দিয়ে কালীর বাজার রোড হয়ে নৌবন্দরের সামনের টার্মিনালে এসে থামে। আর ঢাকায় যাওয়ার সময় টার্মিনাল থেকে বের হয়ে ১ নম্বর রেলগেটের সামনে দিয়ে টানবাজারের সামনের সোহরাওয়ার্দী সড়ক হয়ে ২ নম্বর রেলগেট পেরিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চাষাঢ়া মোড় পেরিয়ে লিংক রোডে ওঠে। নারায়ণগঞ্জ থেকে কাঁচপুর রুটের বাসগুলোও আদমজী ইপিজেড হয়ে যাতায়াত করে সিদ্ধিরগঞ্জ রোড দিয়ে।

এ ছাড়া নারায়ণগঞ্জ থেকে আন্তজেলার দূরপাল্লার বাস এবং নারায়ণগঞ্জ-কলকাতা পথের বাসগুলোও চাষাঢ়া মোড় থেকে সড়কের দুই পাশ দখল করে থাকে। বাসের কাউন্টারগুলোও ফুটপাতের ওপরে বা তার পাশেই। এখানে যানবাহন মেরামতির ছোটখাটো কারখানাও গড়ে উঠেছে অনেক। তার সামনে মেরামতের জন্য গাড়ি ফেলে রাখা। এসব কারণে প্রতিটি সড়কে সর্বক্ষণ যানজট লেগেই থাকছে।

জানতে চাইলে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বন্ধন পরিবহনের পরিচালক জসিম উদ্দিন বলেন, যানজটের কারণে ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে। টার্মিনাল স্থানান্তর করলে যানজট কমবে বলে তিনি মনে করেন।

নারায়ণগঞ্জ শহরের যানজটের আরও একটি প্রধান কারণ রেলগেট। শহরের ভেতরে কালীর বাজার (১ নম্বর বলে পরিচিত), মণ্ডলপাড়া (২ নম্বর), চাষাঢ়া, গলাচিপা, উকিলপাড়া ও বালুর মাঠে ছয়টি রেলগেট।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ট্রেন চলাচলের কারণে প্রতিদিন ৩২ বার এসব গেট বন্ধ থাকে। প্রতিবার গেট বন্ধ করায় উভয় দিকে যানবাহনের লম্বা সারি পড়ে যায়। এ ছাড়া চাষাঢ়া পর্যন্ত সড়ক প্রভাবশালী কতিপয় ব্যক্তির দখলে। ব্যস্ততম এই এলাকায় গণপরিবহন যেন সড়ক দখল করে রাখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। জনগণের ব্যবহার উপযোগী করতে হবে। বহুদিন থেকে এসব বলা হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

শহরে ঘুরে দেখা গেল, সবচেয়ে বেশি যানজট হচ্ছে কালীর বাজার হয়ে ১ নম্বর রেলগেট, সিদ্ধিরগঞ্জ পুলপাড়—এসব সড়কে। যানজট নিরসনে শহরের মাঝখান থেকে টার্মিনাল সরানোর দাবি উঠছে বহুদিন থেকে। সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী শিমুল মোহাম্মদ বলেন, নারায়ণগঞ্জের যানজট নিরসন করতে হলে টার্মিনাল অবশ্যই সরাতে হবে। ফুটপাতগুলোও দখলমুক্ত করতে হবে।

শহরের যানজট নিরসনের বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুর রশিদ বলেন, অতিরিক্ত রিকশা যানজটের প্রধান কারণ। এ ছাড়া শহরের মাঝখানে থাকা বাস টার্মিনাল ও রেলগেটের কারণেও যানজট হচ্ছে। শহরের একটিই প্রধান সড়ক। অন্য সড়কগুলো সরু। সে কারণে পথের ওপর চাপ বেশি। পার্কিংয়ের জায়গা নেই। ফুটপাত দখল হয়ে গেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এগুলো করবে সিটি করপোরেশন। প্রশাসন সহায়তা করবে।

এই নাগরিক দুর্ভোগের প্রতিকার কী জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, যানজট নিরসন করার দায়িত্ব সিটি করপোরেশনের একার নয়। এর সঙ্গে অনেক সংস্থা জড়িত। সবার সঙ্গে সমন্বয় এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। যত্রতত্র গাড়ি রাখায় সমস্যা হচ্ছে। শহর থেকে টার্মিনাল সরানো প্রসঙ্গে মেয়র বলেন, টার্মিনাল সরানোর কথা বললেই তো হবে না। এর সঙ্গে অনেক বিষয় জড়িত। সরিয়ে নেওয়ার মতো উপযুক্ত জায়গাও নেই। নারায়ণগঞ্জ ছোট শহর। ঘিঞ্জি এলাকা। সম্ভাব্যতা যাচাই না করে কিছু বলা যাবে না।