চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট-ভূজপুর সড়কের ১৫ কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে পিচ ও ইট উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এখন এ পথের যানবাহনগুলো বিকল্প পথে চলাচলে বাধ্য হচ্ছে৷
জানা গেছে, চলতি মৌসুমের বৃষ্টি শুরু হওয়ায় নাজিরহাট থেকে ভূজপুর পর্যন্ত অংশে সৃষ্টি হওয়া গর্তগুলোতে পানি জমে যাওয়ায় প্রায় প্রতিদিন কোনো না কোনো যানবাহন আটকা পড়ে৷ এ কারণে চট্টগ্রাম নগর থেকে ভূজপুরগামী বাস, ট্রাক, মিনিবাসসহ অন্যান্য যানবাহন অতিরিক্ত পাঁচ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে৷ কিন্তু ভারী যান চলাচলের কারণে ওই বিকল্প সড়কও ভেঙে যাচ্ছে৷
নাজিরহাট বাস-মিনিবাস-মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান বলেন, ‘এক বছর ধরে এই সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে৷ সড়কটিতে প্রতিনিয়ত বাস-ট্রাক আটকা পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আমরা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেব৷’
উপজেলার বিবিরহাটের ব্যবসায়ী দিদারুল বশর চৌধুরী বলেন, ‘সড়কটি অকেজো হওয়ায় বিকল্প বিবিরহাট-বৃন্দাবনহাট-পাইন্দং সড়ক ধরে ভারী গাড়িগুলো চলছে৷ ছোট এই রাস্তায় বড় গাড়ি চলায় দেখবেন অল্প দিনেই এ সড়কটিও অকেজো হয়ে পড়বে৷’
এলজিইডির উপজেলা প্রকৌশলী দুলাল বিশ্বাস বলেন, ১৫ কিলোমিটারের এ সড়কটির জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই সড়কটি মেরামতকাজ করে চলাচলের ব্যবস্থা করা হবে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি দ্রুত মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।