
যাত্রাবাড়ী থেকে কুতুবখালী এবং ডেমরা সড়কের অনেক অংশ এখন বিধ্বস্ত ও গর্তে ভরা। যানবাহন চলাচল করছিল বিপজ্জনকভাবে হেলেদুলে। যেন যেকোনো মুহূর্তে উল্টে যাবে। ঈদুল ফিতরের যাত্রায় এসব সড়ক যাত্রীভোগান্তির বড় কারণ হয়ে উঠবে বলে বিভিন্ন পরিবহন কোম্পানি ও যাত্রীরা আশঙ্কা করছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এলাকায় গিয়ে দেখা যায়, সায়েদাবাদ থেকে কুতুবখালী এবং ডেমরার কিছু অংশে যানজট। বিশেষ করে শনির আখড়ার দিকে যানবাহন চলছে শম্বুকগতিতে। ভুক্তভোগীরা বলেন, ভাঙাচোরা সড়কের কারণেই এই যানজট।
স্টারলাইন পরিবহনের ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন প্রচণ্ড ক্ষোভের সঙ্গে বলেন, সায়েদাবাদ থেকে রায়েরবাগ যেতে সময় লাগার কথা বড়জোর ১৫ মিনিট। সেখানে শুধু রাস্তার দুরবস্থার জন্য সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা, অনেক সময় দুই ঘণ্টাও। স্টারলাইন ছাড়াও শ্যামলী, হানিফসহ কয়েকটি পরিবহনের যাত্রাবাড়ী কাউন্টার থেকে বলা হয়, বেশির ভাগ পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসগুলো উড়ালসড়কের ওপর দিয়ে চলাচল করে। কিন্তু চড়া টোলের কারণে সাধারণ বাসগুলো নিচের সড়কই বেশি ব্যবহার করে। কাউন্টারের লোকজন বলেন, বর্তমানে রাস্তার এমন দশা হয়েছে যে, চলতে গিয়ে বাসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাত্রীদেরও সমস্যা হচ্ছে। ঈদুল ফিতরের আগে এসব সড়ক মেরামত করা না হলে যাত্রীদের ঈদযাত্রা খুবই দুর্ভোগময় হয়ে উঠবে।
শ্যামলী পরিবহনের কাউন্টারে চট্টগ্রামের যাত্রী আবদুল করিম বলেন, প্রতিবছর ঈদের আগে এখানকার রাস্তার এমন অবস্থা হয়। ঈদের কয়েক দিন আগে রাস্তায় কিছু খোয়া ফেলে দায়সারা রকম কাজ হয়। যাত্রীদের দুর্দশার কথা কেউ ভাবে না।
কুতুবখালী সড়কে দেখা গেল, বড় বড় গর্ত। পানি জমে একেকটি গর্ত ছোটখাটো ডোবা হয়ে গেছে। গতকাল বৃষ্টি না হলেও পানি জমে ছিল। কারণ খুঁজতে গিয়ে জানা যায়, বিভিন্ন আড়তের ময়লা পানির গন্তব্যস্থল এই এলাকা। যাত্রাবাড়ী থেকে কুতুবখালীর কাছাকাছি এলাকা পর্যন্ত মাছের আড়ত রয়েছে। আছে কাঁচামাল এবং ফলের আড়তও।
যাত্রাবাড়ী থেকে কুতুবখালীর দূরত্ব ৩০০ মিটারের মতো। যাত্রাবাড়ী মোড়ের বেশির ভাগ রিকশাচালক কুতুবখালী যেতে রাজি হলেন না। বাড়তি ভাড়া দেওয়ার শর্তে একজন যেতে রাজি হলেও কিছুদূর গিয়ে থেমে যান। কারণ, রাস্তায় নেমে টেনে টেনে নিয়েও তিনি রিকশাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। রাস্তায় দু-একটি সিএনজিচালিত অটোরিকশা চলছিল। কিন্তু মনে হচ্ছিল এক্ষুনি বুঝি উল্টে যাবে। মোহাম্মদপুর-চিটাগাং রোড রুটের ১২ নম্বর পরিবহনের একটি বাস ভাঙা রাস্তায় দ্রুতগতিতে চলতে গিয়ে পথচারীদের কাদামাটিতে ভিজিয়ে দেয়। বাসের গায়েও কাদাভর্তি। এলাকার কয়েকজন হকার জানান, আগে তাঁরা রাস্তার পাশে বসতেন। এখন বসতে পারেন না, মালপত্র ময়লা পানিতে ভরে যায়। যানবাহন চলাচল করলে গায়েও ময়লা পানির ঝাপটা লাগে।
কুতুবখালীর বাসিন্দা মো. লিটন বলেন, হাটখোলায় তাঁর কর্মস্থলে যেতে নিচের সড়ক ব্যবহার করতে পারেন না। উড়ালসড়কে চলাচলকারী লোকাল বাসে উঠতে হয়। এতে অতিরিক্ত ভাড়া লাগ। দেখা যায়, চিটাগাং রোডের দিক থেকে আসা বেশ কয়েকটি লোকাল বাস উড়ালসড়ক ব্যবহার করছে। অল্প দূরত্বে যাবেন—এমন যাত্রীদের কাছ থেকে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নিয়ে বাসগুলো টোলের টাকা ওঠায়। নিচের ভাঙা রাস্তার ভোগান্তি এড়াতে কিছু সিএনজিচালিত অটোরিকশাও যাত্রী তুলে উড়ালসড়ক ব্যবহার করছে।
যাত্রাবাড়ী থানার অদূরে উড়ালসড়কের পাশে বিবিরবাগিচা এলাকার রাস্তার অবস্থাও শোচনীয়। যানবাহন তো বটেই, পথচারীদের চলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। উত্তর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ১, ২, ৩, ৪ নম্বর গেট এলাকার সব রাস্তাই খারাপ।
এসব এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮ নম্বর ওয়ার্ডে পড়েছে। কাউন্সিলর আবুল কালাম বলেন, রাস্তা মেরামতে ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিবিরবাগিচার ১ নম্বর গেটের ডলফিনের গলি, ২ নম্বর গেট, সায়েদাবাদ সেতু এলাকাসহ নয়টি রাস্তায় একসঙ্গে মেরামতকাজ চলবে। কিছু শুরুও হয়েছে। তবে ঈদের আগে সব রাস্তার মেরামত সম্ভব হবে না।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (উড়ালসড়ক) নিচে জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২৩ কোটি টাকায় মূল সড়ক মেরামতের কাজ চলছে। শেষ হলে যাত্রাবাড়ী প্রধান সড়কের দুর্দশা ঘুচবে বলে ডিএসসিসির প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়। মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, রাস্তা মেরামতের কাজ ভালোভাবেই চলছে। বৃষ্টি বাড়লে হয়তো কাজ শেষ হবে না।