যানবাহন চালকদের কঠিন শাস্তি রেখে আইন চান কাদের
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চালকদের জন্য কঠিন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সংসদের আসন্ন অধিবেশনেই সড়ক পরিবহন আইনের খসড়া উপস্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সড়ক পরিবহন আইন ২০১৬’-এর খসড়ার ওপর দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, ‘পরিবহন চালকদের জন্য বড় ধরনের শাস্তির বিধান রেখে আইন করা উচিত। শাস্তি কম রাখলে চালকদের অপরাধ কমবে না। এ শাস্তি দুই লাখ টাকার আর্থিক জরিমানা হতে পারে, জেল-জরিমানাও হতে পারে। এ জরিমানার ভয়ে চালকেরা সতর্কভাবে গাড়ি চালাবে।’
মন্ত্রী বলেন, মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের খবরদারি নয়, আইন হতে হবে জনস্বার্থে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিয়েথারান, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকদের বলেন, খসড়াটি আইনে পরিণত করার আগে আরও অনেক যাচাই-বাছাই করতে হবে। কারণ এর মধ্যে অনেক অসম্পূর্ণতা ও অসংগতি রয়েছে। এগুলো রেখে আইন হলে পরিবহন খাতে বিশৃঙ্খলা হতে পারে।