যানবাহনের নিবন্ধন ও মালিকানা বদল এবং চালক লাইসেন্স প্রাপ্তির ফি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ঈদুল আজহার সময় বাসের টিকিট কালোবাজারি বন্ধে আগে থেকেই র্যা ব-পুলিশকে সতর্ক রাখা এবং সড়ক-মহাসড়কে পশুরহাট ও কাঁচাবাজার বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান যোগাযোগমন্ত্রী।যানবাহনের সেবা ও ফি বৃদ্ধির বিষয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভাড়ায় চালিত সব ধরনের বাণিজ্যিক যানবাহনের (বাস, ট্রাক, অটোরিকশা) নিবন্ধন ও মালিকানা বদলের ফি ১৫ শতাংশ এবং ব্যক্তিগত ব্যবহারের যানবাহনের (অবাণিজ্যিক) ক্ষেত্রে ৪০ শতাংশ ফি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। চালক পরীক্ষা ও সেবার (গাড়ি চালনার দক্ষতা যাচাই পরীক্ষা, লাইসেন্স ডুপ্লিকেট, শিক্ষানবিশ লাইসেন্স, ফিটনেস সনদ) ফি ৫০ শতাংশ বাড়ানো হবে।সভায় আরও যেসব সিদ্ধান্ত হয় সেগুলো হচ্ছে, মহানগরে প্রতিটি পথের (রুট) যাত্রীবাহী বাস আলাদা আলাদা রঙে রাঙানো, অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে সড়ক ও সেতুতে আরও ১০টি ওজন নিয়ন্ত্রণ স্টেশন (ওভারলোড কন্ট্রোল স্টেশন) স্থাপন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা। ফি বৃদ্ধির সিদ্ধান্ত কবে কার্যকর হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই তা কার্যকর হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান বলেন, ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ওই এলাকায় কৃষি মন্ত্রণালয়ের পাঁচ একর জমি আছে। সেটি টার্মিনাল সম্প্রসারণের জন্য দেওয়ার প্রস্তাব করা হবে।এই উপদেষ্টা পরিষদের বৈঠকেই যানজট ও দুর্ঘটনার কথা বিবেচনা করে মহাসড়ক থেকে নছিমন, করিমন ও ভটভটি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বেশ কয়েক বছর আগে। এই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। এই বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, স্থানীয় চাহিদা ও রাজনৈতিক প্রভাবের কারণে এগুলো বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, ‘সরকারের প্রথম রাতেই বিড়াল মারতে হয়, না হলে পরে আর সম্ভব হয় না।’ বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র, রেলপথ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।