যানবাহন নিয়ন্ত্রণে নারী কনস্টেবল
ফরিদপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুরুষ কনস্টেবলদের পাশাপাশি সহযোগী হিসেবে নারী কনস্টেবলরা ভূমিকা রাখছেন। শহরের ব্যস্ত এলাকা জনতা ব্যাংকের মোড় ও আলীপুর মোড়ে ৩০ মার্চ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আটজন নারী কনস্টেবল নিয়োজিত রয়েছেন।ট্রাফিক ব্যারাক সূত্রে জানা গেছে, ওই দুটি স্থানে চারজন করে নারী কনস্টেবল সকাল নয়টা থেকে বেলা ১১টা এবং বেলা ১১টা থেকে একটা পর্যন্ত পুরুষ ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করছেন। নারী কনস্টেবল শিফা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম পারব না, কাজে নেমে দেখছি ভালোই পারছি, কাজও ভালো লাগছে।’ আরেক কনস্টেবল দোলা বলেন, ‘দায়িত্ব পালন করতে কাজ করছি। তবে কেমন লাগছে, তা বলা যাবে না।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী কনস্টেবল বলেন, ‘আমাদের এ কাজকে অনেকে মন থেকে মেনে নিতে পারছেন না; অনেক রিকশাচালক ও অটোরিকশাচালক কটাক্ষ করেন।’ ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক গোপালকৃষ্ণ মিস্ত্রি বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নিয়েছি। এটি সফল হলে আমরা পরিপূর্ণভাবে তা কার্যকর করব।’ তিনি জানান, নারী কনস্টেবলরা বর্তমানে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। পরবর্তী সময়ে ঢাকায় পাঠিয়ে যানবাহন ব্যবস্থাপনার ওপর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিয়ে তাঁদের পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘সমপ্রতি ফরিদপুর শহরে যানজট প্রকট। নারীরা যেকোনো কাজ সুচারুভাবে পালন করতে পারেন এবং তাঁরা ধীরস্থির—এ চিন্তা থেকে নারী কনস্টেবলদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার জানামতে, দেশের কোনো জেলা শহরে নারী ট্রাফিক দেওয়া হয়নি। ঢাকা মেট্রোপলিটন সিটিতে একবার নারী কনস্টেবলদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়।’বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। নারী তাঁর দক্ষতা ও যোগ্যতা অনুসারে সব ধরনের কাজ যে করতে পারেন, এ ঘটনা তারই একটি উদাহরণ।’