যানবাহন নিয়ন্ত্রণে রাজনৈতিক সুপারিশ বন্ধের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রভাবের কারণে যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে।
গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে ‘নিরাপদ সড়ক চাই’-এর (নিসচা) এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। তাঁরা পরিবহন খাতের অপরাধীদের ব্যাপারে সুপারিশ না করতে রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
‘ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে নিসচা খুলনা জেলা শাখা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার খুলনা জেলা সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি খুলনার উপপরিচালক মো. জিয়াউর রহমান।
নূর-ই-আলম তাঁর বক্তব্যে বলেন, খুলনা শহরের ইজিবাইক নিয়ন্ত্রণে রাজনীতিক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। ওই বৈঠকে সবাই ইজিবাইক নিয়ন্ত্রণের ব্যাপারে একমত ছিলেন। কিন্তু অভিযান চালিয়ে যখন কোনো ইজিবাইক বা ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়, তখন রাজনীতিকদের সুপারিশে তা আর আটকে রাখা যায় না।
রাজনীতিবিদেরা আগুন নিয়ে খেলা করছেন উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পর কোনো গাড়ির চালককে ধরা হলে রাজনীতিকদের অহরহ সুপারিশ আসতে থাকে। তা ছাড়া ট্রেড ইউনিয়নও এ ব্যাপারে বড় ভূমিকা রাখে। জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে রাজনীতিকেরা এসব কাজ করেন। এ কারণে রাস্তায় প্রশাসনিকভাবে পরিবহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়।
উৎসবে বাড়ি যাওয়ার মানসিকতা ত্যাগ করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সাধারণত কোনো বড় উৎসবে মানুষের বাড়ি যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এ কারণে সড়ক দুর্ঘটনাও বাড়ে। চালকেরা বেশি টাকা পাওয়ার আশায় দীর্ঘক্ষণ গাড়ি চালান। এতে দুর্ঘটনারও আশঙ্কা বেশি থাকে। তিনি আরও বলেন, রাজনীতিকেরা হলেন জনপ্রতিনিধি। সড়ক দুর্ঘটনা রোধে তাঁদেরই মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।