যানবাহন ভাঙচুর অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

অবরোধ চলাকালে সিলেট নগরের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে চকলেটবোমার সলতেয় আগুন দিচ্ছেন কয়েকজন পিকেটার। গতকাল সকালে তোলা ছবি ষ প্রথম আলো
অবরোধ চলাকালে সিলেট নগরের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে চকলেটবোমার সলতেয় আগুন দিচ্ছেন কয়েকজন পিকেটার। গতকাল সকালে তোলা ছবি ষ প্রথম আলো

বরিশাল: নগরের নবগ্রাম, হাসপাতাল ও সিঅ্যান্ডবি সড়কে সকালে চার-পাঁচটি ইজিবাইক ভাঙচুর করেন অবরোধকারীরা। সকাল ছয়টায় ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের টিয়াখালী নমশূদ্রপাড়া এলাকায় অবরোধ করে চারটি ককটেল ফোটান। এর আগে সোমবার রাত সাড়ে আটটায় বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর এলাকায় বরিশাল-বানারীপাড়া সড়কে ছয়টি যানবাহন ভাঙচুর করেন নেতা-কর্মীরা। অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত পুলিশ নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দারসহ ১৮ জনকে আটক করেছে।
সিলেট: সন্ধ্যায় নগরের সুবিদবাজারে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে দুটি অটোরিকশায় আগুন, আট-দশটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। জালালাবাদ থানা এলাকায় গত রোববার রাতে অটোরিকশা পোড়ানো ও পুলিশের ওপর হামলার মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলামসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে মহানগর পুলিশের বিশেষ দল জালালাবাদ ও বিমানবন্দর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
খুলনা: সকাল সাড়ে সাতটার দিকে নগরের খানজাহান আলী সড়কের মৌলভীপাড়া মোড়ে ছাত্রশিবিরের কর্মীরা তিনটি ইজিবাইক ও একটি বেবিট্যাক্সি ভাঙচুর করেন এবং একটি বেবিট্যাক্সিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা তিনটি ককটেল ও একটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটান। এদিকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় খুলনার পাইকগাছা থানা-পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে জেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সরদার আবদুল মতিনসহ (৪৮) দুজনকে আটক করে।

দিনাজপুর: সকাল সোয়া ১০টায় পুলিশ শহরের গোপালগঞ্জ বাজারের একটি স্টেশনারি দোকানের মালিক আবদুল লতিফকে দোকান থেকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দোকানদার ও এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। ইটের আঘাতে কনস্টেবল সাইদুল ইসলাম (৪৮) আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, সাইদুল বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জ: দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লায় অবরোধকারীরা বোরাক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। বাধা দিলে অবরোধকারীরা আরিফ চৌধুরী নামের এক ব্যক্তির মাথা ফটিয়ে দেন। আগুন দেওয়া বাস থেকে নামতে গিয়ে আহত হন কমপক্ষে পাঁচজন। এর আগে সকাল আটটার দিকে শহরের কিল্লারপুল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা দুরন্ত পরিবহনের একটি হিউম্যান হলারে আগুন দেন। বিকেলে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল থেকে ১৫-১৬টি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভোরে রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দেন অবরোধকারীরা। ভাঙচুর করেন চার-পাঁচটি যানবাহন।

মানিকগঞ্জ: সদর উপজেলার ভাটবাউর এলাকায় ভোরে গাছ কেটে ও গুঁড়ি ফেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় পেট্রলবোমা দিয়ে একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত পাবনা, পঞ্চগড় ও কুড়িগ্রামের উলিপুর থেকে জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করেছে পুলিশ।

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কার্যালয়কে লক্ষ্য করে গত রোববার রাতে ককটেল নিক্ষেপের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সিরাজগঞ্জ: সকালে সিরাজগঞ্জের সমাজকল্যাণ মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ধাওয়া দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আক্কেলপুর (জয়পুরহাট): বিএনপির নেতা-কর্মীরা সকালে আক্কেলপুর পৌর শহরের নবাবগঞ্জ সেতু এলাকায় ১২টি অটোরিকশা ভাঙচুর করেন।

ফরিদপুর: সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আট-দশজন অবরোধ-সমর্থক শহরের শরীয়ত উল্লাহ বাজারসংলগ্ন মসজিদ মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি মালভর্তি ট্রাক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

টঙ্গী (গাজীপুর): টঙ্গীর চেরাগআলীতে সোমবার রাত নয়টার দিকে পিকেটাররা চারটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় অটোরিকশা লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছোড়া হয়। অটোরিকশাটি আগুনে পুড়ে যায়। এ ছাড়া অন্য একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। তবে আশপাশের লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। পরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পিকেটাররা চলে যান।