যানবাহন-সংকটে পুলিশের কার্যক্রম ব্যাহত
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চুয়াডাঙ্গা জেলায় পুলিশকে যানবাহনের অভাবে প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে গাড়ির স্বল্পতা, অন্যদিকে বর্তমান গাড়িগুলো পুরোনো এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত হওয়ায় প্রতিদিনের কার্যক্রমসহ বিশেষ অভিযান পরিচালনা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে পুলিশকে তাই বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে অবৈধ নসিমন, করিমন ও আলমসাধু।চুয়াডাঙ্গায় চারটি থানা, দুটি পুলিশ তদন্ত কেন্দ্র, একটি পুলিশ ফাঁড়ি, ১৫টি স্থায়ী পুলিশ ক্যাম্প ও ১৬টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, পুলিশ সুপারের কার্যালয় ও চারটি থানা ছাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পগুলোতে কোনো গাড়ি নেই। বর্তমানে জেলায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের গাড়িসহ মোট পাঁচটি জিপ রয়েছে। যার মধ্যে দুটি প্রায় অচল। মাঝেমধ্যেই সেগুলো যেখানে সেখানে পড়ে থাকে। এ ছাড়া পাঁচটি পিকআপ ভ্যান থাকলেও সেগুলোর অবস্থাও নড়বড়ে। ১৫টি মোটরসাইকেল থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী।পুলিশ কর্মকর্তারা জানান, ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার সময়কার গাড়ি দিয়েই অভিযান পরিচালনা করতে হচ্ছে। গাড়িগুলো পুরোনো হওয়ায় প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অথচ চরমপন্থী অধ্যুষিত এলাকা হওয়ায় পুলিশকে সব সময় জোরদার অভিযান অব্যাহত রাখতে হয়। কিন্তু গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে অভিযান পরিচালনা করা ও ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের পক্ষে দুষ্কর হয়ে পড়ে। এ ছাড়া চলতি পৌরসভা নির্বাচন ও পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চরমপন্থী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা খুবই জরুরি।বিশেষ করে চুয়াডাঙ্গার তিনটি পৌরসভার নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তৎপর থাকতে হচ্ছে। তা ছাড়া জেলা পুলিশের কোনো ডাবল কেবিন পিকআপ না থাকায় শীতের মধ্যে খোলা ট্রাকে করে নাইট ডিউটি করতে হচ্ছে। সরকার কর্তৃক নিষিদ্ধ হলেও করিমন, নসিমন ও আলমসাধুর ওপর ভরসা করে তাদের দায়িত্ব পালন করতে হয়। এসব যানবাহন চলার সময় বিকট শব্দ হওয়ায় অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সটকে পড়ে। জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ অক্টোবর তৎকালীন পুলিশ সুপার আবদুল বাতেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শককে লিখিতভাবে নতুন যানবাহন চেয়ে পত্র দিলেও গত এক বছরে একটি যানবাহনও পাওয়া যায়নি।পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা জেলার জন্য ১৫টি গাড়ি বরাদ্দ চেয়ে সম্প্রতি সহকারী মহাপুলিশ পরিদর্শককে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। যার মধ্যে রয়েছে একটি জিপ, পাঁচটি পিকআপ, একটি ট্রাক ও আটটি মোটরসাইকেল। আপাতত এই গাড়িগুলো বরাদ্দ পেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে উন্নত রাখা সম্ভব হবে।