যানবাহনে আগুন সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে গতকাল রোববার হরতাল চলাকালে কুমিল্লা, চাঁদপুর ও সিলেটে জামায়াত-শিবিরের কর্মীরা তাণ্ডব চালিয়েছেন।

কুমিল্লার লাকসামে একটি ট্রাক এবং চাঁদপুরের কচুয়ায় একটি যাত্রীবাহী বাসসহ তিনটি যানবাহনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। সিলেটে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

লাকসাম (কুমিল্লা): হরতাল সমর্থকেরা ভোর সাড়ে ছয়টার দিকে লাকসাম-কুমিল্লা সড়কের লাকসাম পৌর শহরের মিশ্রি এলাকায় একটি মালবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি করাত কলেও আগুন ছড়িয়ে পড়ে। লাকসাম ফায়ার সার্ভিসের একদল কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের দক্ষিণ বাইপাস এলাকায় শান্তা কমপ্লেক্সে হামলা চালায় একদল যুবক। তাঁরা সেখানে অবস্থিত লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে ভাঙচুর করে।

চাঁদপুর: ভোর পাঁচটা ১০ মিনিটে হরতাল সমর্থকেরা খাজুরিয়া এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মালবাহী পিকআপে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন।

সিলেট: সকাল সাড়ে আটটায় নগরের খাসদবির এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় রাস্তায় বাঁশ ফেলে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধেরও চেষ্টা চালান তাঁরা। পরে নগরের পাঠানটুলা এলাকায় তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করা হয়। হরতালে নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত সন্দেহে মদনমোহন কলেজ শাখা শিবিরের সভাপতি পারভেজ আহমদসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা: সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় পিকেটিং করার সময় শিবিরের ছয় কর্মীকে আটক করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কে এম কাউসার জানান, সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় পিকেটিংকালে তাঁদের আটক করা হয়।