যানবাহনে গতিনিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন কার্যক্রম ঝুলে গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে এ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হবে, নাকি কাজটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিজে করবে, তা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না। এ অবস্থায় গতিনিয়ন্ত্রণ কার্যক্রম চালু করার সময়সীমা কমপক্ষে এক বছর বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে সব যানবাহন গতিনিয়ন্ত্রণের আওতায় না এনে ট্রাক ও কাভার্ডভ্যানসহ মালবাহী যানে তা চালু করার বিষয়েও আদালতে আবেদন জানাবে বিআরটিএ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শিগগিরই যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক হবে বলে জানা গেছে। সরকার গতিনিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতিদিন চালকদের বেপরোয়া গাড়ি চালনার শিকার হয়ে প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ।গত বছর সড়ক দুর্ঘটনায় ঢাকা সিটি কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বেঞ্চ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ৩০ জুনের মধ্যে যানবাহনে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ওই আদেশ দেয়। বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, সময় বাড়ানোর জন্য তাঁরা আবেদন করবেন। তিনি জানান, গতি পর্যবেক্ষণ করার মতো কারিগরি সুবিধা বিআরটিএর নেই। তাই প্রাথমিকভাবে বেসরকারি ব্যবস্থাপনায় তা করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গতিনিয়ন্ত্রণ কেন?পুলিশ ও হাসপাতাল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা বিআরটিএর রিপোর্টে দেখা যায়, ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় ৪৮ হাজার। এসব দুর্ঘটনায় প্রতি বছর গড়ে চার হাজার লোক মারা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি। এ ছাড়া বিআরটিএর এই হিসাবে আর্থিক ক্ষতি ও সুস্থ মানুষের পঙ্গুত্ববরণের বিষয়টি উল্লেখ নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণাকেন্দ্র সূত্র জানায়, অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী হলেও তাঁরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কত গতিতে চলবে?মোটরযান অধ্যাদেশ-১৯৮৩-এর অষ্টম তফসিলে প্রতিটি মোটরযানের গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। এই তফসিলে হালকা মোটরযান (প্রাইভেটকার ও মাইক্রোবাস) এবং মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত আছে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বা ১১২ কিলোমিটার। মধ্য আকারের যান কিংবা ভারী যাত্রীবাহী মোটরযানের (বাস-মিনিবাস, কোস্টার) সর্বোচ্চ গতিসীমা ৩৫ মাইল বা ৫৬ কিলোমিটার। এ ছাড়া মালবাহী বিভিন্ন যানের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ থেকে সর্বনিম্ন ১০ মাইলের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু চালকেরা তা না মানার কারণে দুর্ঘটনা ঘটছে।গতিনিয়ন্ত্রণ যন্ত্রহাইকোর্ট গতিনিয়ন্ত্রণ যন্ত্র সংযোজনের নির্দেশ দেওয়ার পর কিছু বেসরকারি প্রতিষ্ঠান এ কাজ করে দেওয়ার প্রস্তাব দেয় বিআরটিএকে। এ বিষয়ে বিআরটিএ পরামর্শ নেওয়ার জন্য সরকারের ক্রয়সংক্রান্ত কেন্দ্রীয় কারিগরি ইউনিটে (সিপিটিইউ) চিঠি দেয়। কিন্তু সিপিটিইউ বলেছে, এ কাজ বেসরকারি খাতে ছেড়ে না দিয়ে বিআরটিএর নিজে করাই উচিত। অন্যদিকে বিআরটিএ সূত্র জানিয়েছে, বর্তমানে গতিনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কারিগরি জ্ঞান, লোকবল ও অর্থ কোনোটাই সংস্থাটির নেই। এ কাজে বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য গত বছর যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চিঠিও দিয়েছিল বিআরটিএ। কিন্তু সাড়া পাওয়া যায়নি।