যানবাহনের আকালে নাকাল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় আজ ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি নেই। সহিংসতারও কোনো খবর পাওয়া যায়নি। এর পরও বিভিন্ন সড়কে গণপরিবহনসহ অনেক যানবাহন চলছে না। এতে অন্য রকম এক দুর্ভোগে নাকাল নগরবাসী। 
আগামীকাল রোববার ১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি ঠেকাতে সরকারের নেওয়া ব্যবস্থার কারণে ঢাকা কার্যত বাইরের জেলা ও শহরগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
রাজধানীর অভ্যন্তরীণ সড়কপথগুলোতে সকাল থেকে বাস চলছে না বললেই চলে। বিভিন্ন বাস স্টপেজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না সাধারণ মানুষ।
তবে হরতাল-অবরোধের দিনগুলোর মতো আজ রাজপথে চলছে রিকশা, লেগুনা, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, ছোট ছোট কাভার্ডভ্যান ও কিছু প্রাইভেটকার।
বাস না থাকায় অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এই সুযোগে বিকল্প যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক ভাড়া আদায় করছে।
দুর্ভোগে পড়া যাত্রীরা এই অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জরুরি কাজে বের হয়ে পরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।
সায়েদাবাদে কথা হয় সাইদুর রহমানের সঙ্গে। জরুরি কাজে মিরপুর যাবেন তিনি। দেড় ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো পরিবহন পাচ্ছেন না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিরোধী দলের অবরোধ শেষ হতে না হতেই চলছে সরকারি দলের অবরোধ। কীভাবে বাঁচব আমরা!’
প্রেসক্লাবের সামনে সায়মা ইসলাম জানান, ভর্তির কাজে মিরপুর বাংলা কলেজে যাবেন তিনি। এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বাসের জন্য। ভর্তির শেষ দিন কাল। কাল আবার বিরোধী দলের কর্মসূচির কারণে সেখানে যাওয়া সম্ভব হবে না। তাই আজ তাঁকে কলেজে যেতেই হবে। শেষ পর্যন্ত মাথাপিছু ১৫০ টাকা ভাড়ার শর্তে একটি রিকশাভ্যানে কয়েকজনের সঙ্গে উঠে পড়েন সায়মা।
আজ সকালে প্রেসক্লাবের সামনের বাস কাউন্টারগুলোতে কাউকে টিকিট বিক্রি করতে দেখা যায়নি। সেখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন মহিউদ্দিন আহমেদ। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন আত্মীয়ের জন্য খাবার এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যাবেন তিনি। কিন্তু পরিবহন না পেয়ে হাঁটতে শুরু করেন এই যাত্রী।
মহাখালী রেলক্রসিংয়ের নিচে শেখ নাহিদ হোসেন জানান, খিলক্ষেতের বাসা থেকে হেঁটে মহাখালী এসেছেন তিনি। খিলক্ষেত বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েও বাসের দেখা পাননি।
বাস না থাকায় ছোট ছোট পিকআপ ভ্যান ও লেগুনা বিকল্প যান হিসেবে ব্যবহার করছেন যাত্রীরা।
সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চালকেরা আজ ভাড়া বাড়িয়ে দিয়েছেন। মোহাম্মদপুরের আসাদগেট থেকে মতিঝিল পর্যন্ত ২০০ টাকা ভাড়া হাঁকতে দেখা গেল রিকশাচালক জাকির হোসেনকে।
সিএনজিচালিত অটোরিকশায় মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে ৪০০ টাকা।
পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। তবে ওই এলাকায় প্রচুর রিকশা চলছে।
রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরিবহনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন অনেকেই। যাত্রীদের মধ্যে একজন নাম প্রকাশ না করে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দুই নেত্রীর জেদাজেদিতে দেশ রসাতলে যাচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ দেখার কেউ কি আছে?’
গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে দায়িত্বরত ইনচার্জ নাসির উদ্দিন জানান, কাল রোববার বিরোধী দলের কর্মসূচি আছে, এ কারণে মালিকেরা হয়তো শঙ্কিত হয়ে আজ বাস চালাচ্ছেন না।
রাজধানীর গণপরিবহন সংকট নিয়ে পরিবহন মালিকেরা কিছু বলতে নারাজ। নাম প্রকাশ না করে বেশ কয়েকজন পরিবহন মালিক বলেন, হয়রানির ভয়ে তাঁরা পরিবহন বের করেননি। কারা হয়রানি করবে? জানতে চাইলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।