মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া সড়কপথ ও রেললাইনে প্রায়ই বন্য প্রাণী মারা যাচ্ছে। এভাবে বন্য প্রাণীর মৃত্যু দেশে-বিদেশে বিখ্যাত এই উদ্যানকে একসময় আকর্ষণহীন করে তুলবে বলে গবেষকদের আশঙ্কা।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট রেললাইন এবং শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক। রেললাইন ও সড়কের উভয় পাশেই বিস্তৃত উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল। বনের এপারে-ওপারে আসা-যাওয়ার সময় প্রায়ই সাপসহ বিভিন্ন ধরনের প্রাণী গাড়ির চাকায় পিষ্ট হয়ে বা আঘাত পেয়ে মারা যাচ্ছে। একইভাবে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যাচ্ছে প্রাণী। বন্য প্রাণীরা রাতের বেলা চলাচল করে বলে রাতেই বেশি মারা যাওয়ার ঘটনা ঘটে। মারা যাওয়া এসব প্রাণীর অনেকগুলোরই হিসাব নেই। তাৎক্ষণিকভাবে দিনের বেলা সড়কপথে মারা যাওয়া প্রাণীর যেগুলো চোখে পড়ে, কেবল সেগুলোরই হিসাব মেলে। আর রেললাইনে মানুষের চলাচল কম বলে সেখানে কাটা পড়ে কত সংখ্যক প্রাণী মারা পড়ছে, তার কোনো পরিসংখ্যান নেই।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গত মার্চ থেকে সড়কপথে মারা যাওয়া নয়টি প্রাণীর হিসাব সংরক্ষণ করেছে। এগুলোর মধ্যে ১৬ মার্চ একটি গ্রিন ফ্যান থ্রোপ্যাড লেজার্ড, ২১ মার্চ একটি চশমা পরা হনুমান, ৩১ মার্চ একটি হলুদ ফোঁটা ঘর গিন্নি সাপ, ১০ মে একটি হলুদ ফণীমনসা, ২৩ জুলাই একটি কিং কোবরা ও একটি সোনালি শিয়াল, ১৭ আগস্ট একটি চশমা পরা হনুমান, ২৪ আগস্ট একটি সাপ এবং ৮ সেপ্টেম্বর একটি সাপ মারা গেছে।
বন্য প্রাণী মারা যাওয়ার পর নিয়মিত তালিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মারা যাওয়া প্রাণীর অনেকগুলোই হিসাবে আসছে না।
বাংলাদেশ পাইথন প্রকল্পের উদ্যোগে ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের আগস্ট পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানে যানবাহনের চাকায় পিষ্ট ও আঘাতে কী পরিমাণ বন্য প্রাণী মারা যায়, তার ওপর একটি জরিপ করা হয়। তাতে দেখা গেছে, এই সময়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের হিড বাংলাদেশের কার্যালয় এলাকা থেকে জানকী ছড়া মোড় পর্যন্ত সাত কিলোমিটারে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ মৃত সাপ পাওয়া গেছে। এগুলো কোনো না কোনোভাবে যানবাহনের আঘাতে মারা গেছে। এর মধ্যে কোবরা, কিং কোবরা, অজগরসহ অনেক বিপন্ন প্রজাতির সাপ ছিল। জুলাই মাসের দিকে অজগরের বাচ্চা হয়। তখন বাচ্চাগুলো ছোটাছুটি করে। সেই সময়ে রাস্তা পারাপার করতে গিয়ে বাচ্চাগুলোই বেশি মারা পড়ে। এর বাইরে চিতা বিড়াল, প্যাঁচা, বানর, ব্যাঙ ইত্যাদিও মৃত পাওয়া গেছে। বৃষ্টির সময় ব্যাঙ বেশি ছোটাছুটি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চার শিক্ষার্থী বানর, সাপসহ বন্য প্রাণী নিয়ে গবেষণার কাজে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত লাউয়াছড়ায় অবস্থান করেন। দলটির নেতা মো. আরাফাত রহমান খান বলেন, ৪ সেপ্টেম্বর তাঁরা রাস্তায় তিনটি মৃত সাপ দেখতে পান। ৫ সেপ্টেম্বর দেখেছেন পাঁচটি মৃত সাপ। এর মধ্যে একটি বিরল প্রজাতির আসামের শামুকখেকো সাপ রয়েছে। এ ছাড়া বৃষ্টি হলে অসংখ্য ব্যাঙ প্রজাতির প্রাণী মারা যাচ্ছে।
বাংলাদেশ পাইথন প্রকল্পের সঙ্গে জড়িত সাপ ও কচ্ছপ গবেষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার রহমান প্রথম আলোকে বলেন, লাউয়াছড়ায় বন্য প্রাণীর মৃত্যুর জন্য রাস্তা বিরাট এক হুমকি। এভাবে বছরে পাঁচ শ থেকে এক হাজার প্রাণী মারা গেলে উদ্যানে প্রাণী কমে যাবে। উল্লুক, পাখিসহ অন্যান্য বন্য প্রাণীর জন্য লাউয়াছড়া দেশে-বিদেশে বিখ্যাত। প্রাণীই যদি না থাকে, তাহলে এই উদ্যানের আকর্ষণই থাকবে না। তিনি বলেন, ‘আমরা সার্ভের সময় প্রায় প্রতিদিনই মৃত সাপ দেখেছি। কোনোভাবে রাস্তা বন্ধ করলে লাউয়াছড়ার প্রকৃতিতে বিশাল পরিবর্তন আসবে।’
যোগাযোগ করলে বন বিভাগের শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মৃত বন্য প্রাণীর হিসাব পুরোপুরি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো সংরক্ষণ করা যাচ্ছে। এর বাইরে প্রচুর প্রাণী মারা যাচ্ছে। রেললাইনে কাটা পড়া প্রাণীগুলোর কথা তো জানাই যাচ্ছে না। লাউয়াছড়ার প্রাণী বাঁচাতে হলে উদ্যানের ভেতর থেকে সড়ক সরিয়ে বিকল্প সড়কের কথা ভাবতে হবে। এর আগে সড়কে গতিরোধক দিতে হবে। বন্য প্রাণী রাতের বেলা চলাচল করায় তখন যানবাহন যাতে সতর্ক হয়ে চলে, সে ব্যবস্থা করতে হবে।