যানবাহনের গতি নির্ণয় করছে মহাসড়ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে ৮০ কিলোমিটারের অধিক গতিতে কোনো যানবাহন চলতে পারবে না—এমন বিধি কার্যকর করতে গতিনির্ণয়ক যন্ত্র (স্পিড ডিটেক্টর মেশিন) দিয়ে যানবাহনের গতি নির্ণয় করতে মাঠে নেমেছে মহাসড়ক (হাইওয়ে) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার কাবিলা এলাকার খোরশেদ আলম ফিলিং স্টেশনের সামনে ওই গতি পরিমাপ করা হয়। এ সময় গতি ৯২ কিলোমিটার থাকায় একটি যাত্রীবাহী বাস আটক করে মোটরযান আইনে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাসড়ক পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোলায়মান মিয়া ও ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল।
এএসপি সোলায়মান মিয়া বলেন, গতিনির্ণয়ক যন্ত্র মহাসড়কে থাকার কারণে সড়ক দুর্ঘটনা কমে গেছে। অধিক গতির কারণে বহু দুর্ঘটনা ঘটে।
পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশ কুমিল্লার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ১০ আগস্ট জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ২৩তম সভায় মহাসড়কে অধিক গতির যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত হয়। এতে মহাসড়ক পুলিশকে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়।