যানবাহনের গ্যাস সিলিন্ডারে করে যাচ্ছে কারখানায়

যানবাহনের জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে করে চলে যাচ্ছে শিল্পকারখানায়। কাভার্ড ভ্যান, ভ্যান, পিকআপ ভ্যান ও ইজিবাইকে করে ঝুঁকি নিয়ে গ্যাস বহন করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া কুমিল্লার দুটি সিএনজি ফিলিং স্টেশনে তল্লাশি করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সত্যতা পেয়েছে।
এ অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ অক্টোবর বাখরাবাদের মহাব্যবস্থাপক (বিপণন) এহসানুল হক পাটোয়ারীকে খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানিতে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। এ ছাড়া বিক্রয় শাখার একজন উপমহাব্যবস্থাপককে আইটি বিভাগে বদলি করা হয়। বাখরাবাদের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) নাইমুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ১৬টি সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে গ্যাস চুরির আলামত পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৮ অক্টোবর দুপুরে বাখরাবাদের একটি ভ্রাম্যমাণ দল কুমিল্লার চান্দিনা উপজেলার কুমিল্লা সিএনজি ফিলিং স্টেশন ও বুড়িচং উপজেলার নূর অ্যান্ড ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখতে পায়, দুটি কাভার্ড ভ্যানে বিশেষ কায়দায় ৩৯৮টি গ্যাস সিলিন্ডার ভর্তি করা আছে। জিজ্ঞাসাবাদে ওই দুই ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, দিনে দুবার নিয়মবহির্ভূতভাবে শিল্পকারখানার জন্য ওই গ্যাস সরবরাহ করা হয়। কখনো কাভার্ড ভ্যানে, কখনো তিন চাকার বাহনে ওই গ্যাস সরবরাহ করা হয়। ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে এভাবেই গ্যাস বিক্রি করা হচ্ছে।
বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল ইসলাম খান বলেন, কুমিল্লায় ফিলিং স্টেশন থেকে গ্যাস চুরির মহোত্সব চলছিল। গত ১৮ জুলাই এখানে যোগদানের পর বিষয়টি নজরে আসে। এরপর কয়েকটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তখনই গ্যাস চুরির অভিনব কায়দা ধরা পড়ে। যানবাহনের জন্য ব্যবহৃত গ্যাস ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে করে অন্যত্র নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কুমিল্লায় নিয়মবহির্ভূতভাবে ওই কায়দায় গ্যাস বিক্রি হচ্ছে। এর সঙ্গে বাখরাবাদের কয়েকজন অসাধু প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী জড়িত। ইতিমধ্যে দুজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।