যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী তিনটি ফেরি নষ্ট ও নাব্যতার সংকটের কারণে একটি ঘাট সকাল থেকে বন্ধ রাখায় দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারির সৃষ্টি হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানিভর হোসেন জানান, গতকাল বুধবার সকালে শাহ পরানে যান্ত্রিক ক্রটি দেখা দিলে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ইঞ্জিনের সমস্যার কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রাখা হয়েছে। এদিকে দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে খননের অজুহাতে প্রায় এক মাস ধরে ১ নম্বর ঘাট বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় ব্যক্তিদের দাবি, ওই ঘাটে কোনো ফেরি না ভেড়ায় ফেরিঘাটের পাশ থেকে স্থানীয় একটি চক্র আধুনিক খননযন্ত্রের সাহায্যে মাটি খননের পর ট্রাকে করে ১ নম্বর ফেরিঘাট-সড়ক দিয়ে চলাচল করছে। প্রতিদিন মাটিবোঝাই শতাধিক ট্রাক চলাচলের কারণে সড়কটিতে এখন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দেখা গেছে, টার্মিনাল উপচে ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ গাড়ির জট।